পরদিন সকাল থেকেই রাইসা ফারুকের পেছনে আঠার মতো লেগে রইল। ফারুক যখনই রুম থেকে বের হয় রাইসা দূর থেকে আড়চোখে ওর দিকে নজর রাখে। ফারুকের গা থেকে আসা মেয়েলি পারফিউমের রহস্য ও যেকোনো মূল্যে ভেদ করতে চায়।
ড্রয়িংরুমে বসে ফারুক যখন ফোন স্ক্রল করছিল রাইসা চা নিয়ে এসে ওর পাশে বসল। ওর চোখ দুটো যেন ফারুকের প্রতিটি নড়াচড়া স্ক্যান করছে। কিন্তু ফারুক রাইসাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের মতো গম্ভীর হয়ে নিজের কাজে মন দিল।
বিকেলে ক্যাম্পাসে কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফারুক চুপিচুপি বের হয়ে যেতে চাচ্ছিল। কিন্তু পড়ে আম্মুর জোড়াজুড়িতে রাইসাকে সাথে নিয়ে ক্যাম্পাসে আসলো। রাইসা প্রথম দিন থেকেই বায়না করছিল ও ফারুকদের ক্যাম্পাস দেখবে।
ক্যাম্পাসে আসতেই রাইসা চারিদিকে চোখ বুলিয়ে নিল। ফারুকদের ক্যাম্পাসটা এমনিতেই খুব সুন্দর। আজ পুরো জায়গাটা মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। ফারুক রাইসাকে একটা সিটে বসিয়ে রেখে একটু পেছনের দিকে গেল। ঠিক তখনই উইংসের আড়াল থেকে মাওয়া বের হয়ে এলো।
মাওয়া আজ হাল্কা নীল রঙের সুন্দর একটা লেহেঙ্গা পরেছে। ফারুককে দেখতেই মাওয়ার চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। ও একটু এগিয়ে এসে ফারুকের হাতটা চেপে ধরল। কিন্তু ফারুকের চোখ তখন অডিটোরিয়ামের মাঝখানের সিটের দিকে। রাইসা দূর থেকে ঈগল পাখির মতো ফারুকের দিকেই তাকিয়ে ছিল।
রাইসা স্পষ্ট দেখতে পেল একটা সুন্দরী মেয়ে ফারুকের হাত ধরে হেসে হেসে কথা বলছে। ফারুকের সাথে অন্য মেয়েকে দেখে রাইসার বুকের ভেতর হিংসার আগুন দাউদাউ করে জ্বলে উঠল। "ওহ আচ্ছা! তাহলে এই সেই মেয়ে, যার পারফিউমের গন্ধে ফারুক সারাদিন মাতাল হয়ে থাকে! দাঁড়াও তোমাদের প্রেম আমি বের করছি।"
এদিকে মাওয়া ফারুকের হাতটা আরেকটু টেনে নিয়ে চিন্তিত কন্ঠে বলল,
মাওয়া - কী হয়েছে ফারুক? তুমি এমন মুখ গোমড়া করে রেখেছে কেন? আর ওই লাল জামা পরা ডাইনিটা ওভাবে তোমার দিকে তাকাচ্ছে কেন? ও কি আবারও তোমার ঘরে পায়েস নিয়ে এসেছিল?
ফারুক - মাওয়া, ও আমার খালাতো বোন রাইসা। গত শুক্রবার খালাআম্মার সাথে আমাদের বাসায় এসেছে। ও আমাদের ক্যাম্পাস দেখতে চাইছিল তাই নিয়ে এলাম। তুমি কিন্তু আজ কোনো জাদু করবে না, প্লিজ।
মাওয়া - (ঠোঁট ফুলিয়ে) ও যদি চুপচাপ ভালো মেয়ে হয়ে বসে থাকে তবে আমার জাদুর পাখিরাও শান্ত থাকবে। কিন্তু যদি আমার ফারুকের কাছে আসার চেষ্টা করে আমি ওকে একদম ছাড়ব না। হু!
ফারুক - আমার হিংসুটে বউটা। এতো রাগী কেন তুমি? বাদ দাও না ওর কথা।
মাওয়া - হুম। শোনো, আজ ডিপার্টমেন্টের কালচারাল উইংয়ের পক্ষ থেকে আমার একটা স্পেশাল ডুয়েট পারফরম্যান্স আছে। সায়েম ভাইয়া আর আমি একসাথে মঞ্চে পারফর্ম করব। তুমি কিন্তু সামনে বসে দেখবা!
মাওয়ার মুখে সায়েমের সাথে পারফর্ম করার কথা শুনে ফারুকের চোয়াল শক্ত হয়ে গেল। এমনিতেই সায়েম মাওয়াকে কালচারাল উইংয়ে নেওয়ার বাহানায় একটু বেশিই কাছে ঘেঁষতে চায়, যা ফারুক একদম হতে দিবে না।
ফারুক - সায়েমের সাথে পারফর্ম করছো মানে কি মাওয়া? ডুয়েট পারফরম্যান্স তো আমার আর তোমার একসাথে করার কথা ছিল। স্যারের কাছে নামও তো সেভাবেই দেওয়া আছে।
মাওয়া - আসলে, একটু আগে সায়েম ভাই বলল ও নাকি তোমার নাম স্যারের কাছে দিতে ভুলে গেছে। এখন আর নতুন করে তালিকায় নাম দেওয়ার সুযোগ নেই। তাইইই....
মাওয়ার কথা শুনে ফারুকের মাথায় রক্ত উঠে গেল। সায়েম হল সংসদের ভিপি হয়েছে বলে ওকে সেই সুযোগে সাইড করে দিয়ে নিজে মাওয়ার সাথে পারফর্ম করার স্বপ্ন দেখছে? ফারুক বেঁচে থাকতে ওর সেই স্বপ্ন কখনও পুরণ হবে না। ও মাওয়ার হাতটা বেশ শক্ত করে ধরে সোজা ওর চোখের দিকে তাকাল।
ফারুক - (কড়া গলায়) সায়েমের সাথে কোনো পারফরম্যান্স হবে না মাওয়া। তুমি আজ মঞ্চে উঠবে না।
হঠাৎ ফারুকের মুখে রাগী ভাব দেখে মাওয়া চোখ বড় বড় করে ওর দিকে তাকাল।
মাওয়া - কী বলছো ফারুক? সায়েম ভাইয়া তো সব রেডি করে রেখেছে। ডুয়েট পারফর্ম না করলে ডিপার্টমেন্টের মান থাকবে না।
ফারুক - (আরও রেগে) ডিপার্টমেন্টের কী হবে না হবে তা দিয়ে আমার যায় আসে না। তুমি শুধু আমার মাওয়া। সবার সামনে মঞ্চে উঠে তুমি অন্য কারো সাথে পারফর্ম করবে, এটা ফারুক হাসান বেঁচে থাকতে কোনোদিন হতে দেবে না। ওই সায়েম ইচ্ছা করেই তোমার সাথে আমার নাম বাদ দিয়ে নিজের নাম দিয়েছে। তুমি আজ শুধু আমার পাশে বসে দর্শক হিসেবে প্রোগ্রাম দেখবে। কোনো কথা শুনব না আমি।
ওর প্রতি ফারুকের এই তীব্র অধিকার খাটানো আর কড়া ধমক খেয়ে মাওয়া ভেতরে ভেতরে এক অদ্ভুত সুখ অনুভব করল। ও পরীদের রাজকন্যা হতে পারে, কিন্তু ও এই শান্ত আর রাগী ফারুকেরই অর্ধাঙ্গিনী! ও কথা বাড়িয়ে আর ফারুকের রাগ বাড়াতে চাইল না। মাথা নিচু করে মৃদু হেসে বলল, "আচ্ছা বাবা, রাগ করো না। তুমি যা বলবে তাই হবে।"
ওরা যখন নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখনই সায়েম ফাইল হাতে হন্তদন্ত হয়ে উইংসের পেছনে চলে এলো। ও ফারুক আর মাওয়াকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিরক্ত হয়ে বলল,
সায়েম - আরে মাওয়া! তোমাকে কখন থেকে খুঁজছি। আর তুমি এখানে দাঁড়িয়ে ফারুকের সাথে কথা বলছো। আর দশ মিনিট পরই আমাদের পারফরম্যান্স। স্ক্রিপ্টটা একটু দেখে নাও। আর ফারুক, তুই এখানে দাঁড়িয়ে মাওয়ার সময় নষ্ট করিস না তো।
ফারুক সায়েমের সামনে এক কদম এগিয়ে গিয়ে ওর হাত থেকে ফাইলটা কেড়ে নিয়ে টেবিলের ওপর রাখল। ও সায়েমের চোখের দিকে চোখ রেখে অত্যন্ত ঠান্ডা কিন্তু দৃঢ় গলায় বলল,
ফারুক - সায়েম, মাওয়া আজ পারফর্ম করছে না। ওর নামটা লিস্ট থেকে কেটে দাও।
ফারুকের কথা শুনে সায়েম যেন আকাশ থেকে পড়ল। ও রেগে গিয়ে বলল,
সায়েম - ফারুক কী বলছিস তুই? মাওয়া আমাদের মেইন পারফর্মার। তুই ওর সিনিয়র হতে পারিস, কিন্তু ওর ব্যক্তিগত বিষয়ে এভাবে নাক গলানোর অধিকার তোকে কে দিয়েছে? মাওয়া তুমি বলো, তুমি কি ওর কথা শুনে পারফর্ম করবে না?
সায়েমের এমন বাড়াবাড়ি দেখে ফারুকের রাগ আরও বেড়ে গেল। ও মাওয়ার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে সায়েমের দিকে অগ্নি দৃষ্টিতে তাকাল।
ফারুক - মাওয়ার যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আমার আছে সায়েম। ও আজ পারফর্ম করবে না মানে করবে না। এরপরেও যদি তুমি ফাইজলামি করে ওর নাম লিস্টে রাখতে চাও, তবে অনুষ্ঠান কীভাবে বন্ধ করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। বন্ধু বন্ধুর মতো থাকো। লিমিট ক্রস করো না। আমাদের পার্সোনাল বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই।ফারুককে এতো রেগে যেতে দেখে সায়েম আর কথা বাড়াতে সাহস পেল না। ও রাগে ফুঁসতে ফুঁসতে ফাইলটা নিয়ে ওখান থেকে চলে গেল। মাওয়া তখন ফারুকের এক হাত জড়িয়ে ধরে ফিসফিস করে বলল,
মাওয়া - ওয়াও! আমার রাগী জামাইটারে কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। তুমি যে এতো বেশি রাগতে পারো তা আমি জানতাম ই না।
ফারুক একটু হেসে মাওয়ার চুলে হাত বুলিয়ে দিল।
পুরো অনুষ্ঠান জুড়ে মাওয়া ফারুকের পাশেই বসে রইল। ফারুকও ভালোবেসে মাওয়াকে নিজের কাছে আগলে রাখল।
ওদিকে অডিটোরিয়ামের মাঝের সিটে বসে রাইসা যখন দেখল মাওয়া অনুষ্ঠান বাদ দিয়ে পুরোটা সময় ফারুকের কাঁধে মাথা রেখে বসে আছে, আর ফারুকও ওকে জড়িয়ে ধরে রেখেছে। তখন রাইসার ভেতরের হিংসার আগুন যেন আরও বেড়ে গিয়ে দাবানলে রূপ নিল। ও নিজের নখ দিয়ে সিটের কাপড়টা খুব শক্ত করে খামচে ধরল।ও মনে মনে ফুঁসছিল। "জান্নাতুল মাওয়া! তুমি যতই সুন্দরী হও না কেন ফারুককে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। দেখে নিও আমি তোমাদের এই মিষ্টি সম্পর্ক কীভাবে নষ্ট করি!"
অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় ১০টা বেজে গেল। এরপর ফারুক আর রাইসা রিকশায় করে বাসায় ফিরছিল। রাইসা পুরোটা রাস্তায় একটা কথাও বলল না। ও রিকশার এক কোণে মুখ ঘুরিয়ে বসে রইল। তার ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। ফারুককে ও ছোট বেলা থেকে নিজের ভেবে এসেছে। এখন কোথাকার কোন মেয়ে এসে ওর ফারুককে কেড়ে নিয়ে যাবে সেটা ও কিছুতেই মেনে নিতে পারছে না।
অন্যদিকে ফারুক নিজের আঙুলে মাওয়ার দেওয়া জাদুর আংটিটা ছুঁয়ে দেখছিল। ও জানত, সায়েম আর রাইসা এতো সহজে ওদের পিছু ছাড়বে না। কিন্তু এই সম্পর্কের মধ্যে ফারুক কিছুতেই অন্য কাউকে ঢুকতে দিবে না।চ
চলবে.......
🥀লেখক - Antor Islam Shaon



0 Comments