পাশের বাসার দুষ্টু মেয়ে (পর্ব ৩ ) — অভিমানী জান্নাত - bengali romantic golpo

সকাল থেকেই শাওনের মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। পড়ার টেবিলে বিজনেস কমিউনিকেশন বইটা খোলা। কিন্তু পড়ায় মন বসছে না। শাওন কলমটা আঙুলের ফাঁকে নিয়ে বার বার জানালা দিয়ে বারান্দার দিকে তাকাচ্ছে। গত রাতে জান্নাত যেভাবে কান্না করছিল। এরপর অভিমান করে চলে গেল। সেই মুহুর্তটা শাওনের মাথায় গেথে গেছে। ওর বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। 

প্রতিদিনই জান্নাত কোনো না কোনো বাহানায় বারান্দায় আসে। কখনো চুল শুকানোর জন্য আবার কখনো আম্মুর ধুয়ে দেওয়া ওড়নাটা নেড়ে দেওয়ার নাম করে। কিন্তু আজ সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, জান্নাতদের বারান্দার দরজাটা একবারের জন্যও খুলল না। শাওন দুবার বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল জান্নাতকে এক পলক দেখার জন্য। কিন্তু ওপাশের নীল পর্দাটা শক্ত করে টানা। জান্নাত যেন ইচ্ছা করেই নিজেকে আড়াল করে রেখেছে। 

শাওন আর থাকতে না পেরে জান্নাতকে একটা মেসেজ পাঠাল—"কী করছ? সকাল থেকে একবারও বারান্দায় আসছো না কেন? আজকে কী ঝগড়া করার মুড নেই? এসে অন্তত একবার মুখ ভেংচে যাও।" কিন্তু দুই ঘণ্টা পার হয়ে গেলেও মেসেজটা সিন হলো না। জান্নাত একবারের জন্যই লাইনে আসেনি। 

ও যে আজ কতটা অভিমান করে আছে সেটা বুঝতে শাওনের বাকি রইল না। শান্ত স্বভাবের শাওনটাও আজ অস্থির হয়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। ঘরে যেন ওর দম।বন্ধ হয়ে আসছিল। শেষে থাকতে না পেরে বিকেল চারটার দিকে মনটা ভালো করার জন্য ও একটু বাইরে এলো।

শাওন আনমনে হেটে গলির মোড়ে রফিক চাচার দোকানের সামনে আসতেই দেখল জান্নাতের ছোট ভাই রাফাত একা একা লাটিম নিয়ে খেলছে। রাফাতকে দেখেই শাওনের বুকটা ধক করে উঠল। ও তারাতারি দোকান থেকে দুটো বড় চকলেট কিনে রাফাতের দিকে এগিয়ে গেল। রাফাত এই চকলেট অনেক পছন্দ করে। এ নিয়ে জান্নাতের সাথে প্রায়ই ওর ঝগড়া লাগে। তারপর আন্টি দু'জনকে বকে।

Pasher basar dustu meye, Bengali Romantic Golpo

শাওন - এই যে ছোট ভাইয়া। একা একা খেলছ কেন? তোমার আপু কোথায়?

রাফাত - (চকলেট দেখে খুশি হয়ে) শাওন ভাইয়া তুমি আপুর কথা বলছো? ও তো ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে। সকাল থেকে কেমন জানি মুড অফ। আম্মু দুপুরে ভাত খেতে ডাকছিল, আপু এলোই না। বলল পেট ব্যথা করছে। 

রাফাতের কথা শুনে শাওনের বুকের ভেতর একটু মোচড় দিল।

শাওন - ও দুপুরে খায়নি? আচ্ছা তোমার আব্বু-আম্মু কী করছে এখন? 

রাফাত - আব্বু আর আম্মু তো বসার ঘরে বসে ফিসফিস করে কী যেন কথা বলছিল। ও হ্যাঁ ভাইয়া, আমি কিন্তু সব শুনে ফেলেছি!

শাওন - (উদ্বিগ্ন হয়ে) কী শুনেছ রাফাত? 

রাফাত - ওই যে কাল রাতে যে ঘটক আঙ্কেলের কথা বলছিল না? ওই আঙ্কেল নাকি আজ দুপুরে আব্বুকে ফোন করেছিল। কাল সকাল দশটায়  পাত্রপক্ষ আমাদের বাসায় আপুকে দেখতে আসবে! আম্মু তো এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে। 

কাল জান্নাতকে দেখতে আসবে শুনে শাওনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হাল্কা শীতের মধ্যেও ওর কপালে ঘাম জমতে শুরু করেছে। শাওন জানত ঘটক খবর আনবে, কিন্তু এত তাড়াতাড়ি পাত্রপক্ষ সরাসরি বাসায় চলে আসবে এটা ও কল্পনাও করেনি।

শাওন খুব ভালো করেই জানে একবার যদি কোনো মুসলিম মেয়ের জন্য অন্য কেউ বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়ে ফেলে, তবে সেই প্রস্তাবের কোনো চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত অন্য কোনো ছেলের সেখানে প্রস্তাব দেওয়ার অধিকার থাকে না। ইসলাম এটাকে অপছন্দ করে।

এখন আর চুপ করে থাকার সময় নেই। কাল যদি পাত্রপক্ষ এসে জান্নাতকে পছন্দ করে আংটি পরিয়ে দেয় তাহলে জান্নাতকে ও কোনোদিন পাবে না।

শাওন - (রাফাতের কাঁধে হাত রেখে উত্তেজিত হয়ে) রাফাত, আমার একটা হেল্প করতে পারবি ভাইয়া? তোকে আমি কাল বড় এক প্যাকেট চকলেট দেব। 

রাফাত - সত্যি? কী হেল্প করব ভাইয়া? বলো না! (খুশি হয়ে)

শাওন - তুই এখন বাসায় যাবি। গিয়ে তোর আপুকে বলবি ছাদের এক কোণে একটা সুন্দর পাখি পড়ে আছে। ওর ডানাটা জখম হয়েছে, কিছুতেই উড়তে পারছে না। জান্নাত তো পাখি খুব ভালোবাসে। ও ঠিকই ছাদে আসবে। বল পারবি না? 

রাফাত - ওহ্, এই কথা! এটা তো আমার বা হাতের খেল। আমি এখনই আপুকে ডেকে ছাদে নিয়ে আসছি। তুমি চকলেট রেডি রেখো কিন্তু!  

শাওন মাথা নাড়তেই রাফাত এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। শাওন আর এক মুহূর্তও দেড়ি না করে চুপিচুপি ছাদে গিয়ে ট্যাংকির পেছনে গিয়ে দাঁড়াল। ওর হ্রদ স্পন্দন দ্রুত বেগে ওঠানামা করছে। শাওন জীবনে কখনও কোনো মেয়ের জন্য এমন রিস্ক নেয়নি। কিন্তু আজ জান্নাতকে হারানোর ভয় ওকে সব জড়তা ভুলিয়ে দিয়েছে। 

বিকেলের মিষ্টি রোদ শাওনের গায়ে এসে লাগছিল। ঠিক ৫ মিনিট পর ছাদের দরজা খোলার শব্দ হলো। পাখিটাকে দেখার জন্য জান্নাত একপ্রকার দৌড়ে এসেছে। ও এসে চারদিকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পাখির একটা পালকও নেই। ও বিরক্ত হয়ে রাফাতের দিকে তাকাল।

জান্নাত - কই রে রাফাত? কোথায় পাখি? তুই আমাকে মিথ্যা বলে ছাদে নিয়ে এসেছিস! 

এদিকে রাফাত জান্নাতকে ছাদে রেখেই দরজাটা বাইরে থেকে আটকে দিল। তারপর এক দৌড়ে নিচে চলে গেল। শাওন ওকে আগেই সব শিখিয়ে দিয়েছে। পাকা ছেলেটা ছোট হলেও বুঝতে পেরেছে শাওনই ওর দুলাভাই হতে যাচ্ছে। তাই সে আর কাবাবে হাড্ডি হতে চায়নি।

জান্নাত যখন দরজার দিকে যেতে যাবে তখনই শাওন টাংকির আড়াল থেকে বের হয়ে একদম জান্নাতের সামনে এসে দাঁড়াল। জান্নাত শাওনকে এভাবে আচমকা সামনে দেখে ভয়ে দু পা পিছিয়ে গেল। ওর চঞ্চল চোখ দুটো মুহূর্তের জন্য বড় বড় হয়ে গেল। কিন্তু পরক্ষণেই ও নিজেকে সামলে নিল।

Pasher basar dustu meye romantic golpo, premer golpo, love story couple image

জান্নাত - (মুখটা শক্ত করে) তুমি? তুমি এখানে কী করছ? আর রাফাত কোথায় গেল? 

শাওন - রাফাত এতক্ষণে নিচে চলে গেছে। আর আমি এখানে তোমার জন্যই অপেক্ষা করছিলাম।

জান্নাত - আমার জন্য মানে? তোমার সাথে আমার কোনো কথা নেই। কাল সকালে আমাদের বাসায় মেহমান আসবে। আমার অনেক কাজ আছে। আমি নিচে যাচ্ছি। (চোখ রাঙিয়ে)

কথাগুলো বলার সময় জান্নাত কিছুটা কেঁপে উঠলো। জান্নাত শাওনকে পাশ কাটিয়ে দরজার দিকে যাওয়ার চেষ্টা করতেই শাওন জান্নাতের হাত টেনে ধরে ওকে নিজের খুব কাছাকাছি দাঁড় করিয়ে দিল। দুজনের মধ্যে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। জান্নাত শাওনের এই রূপ আগে কখনও দেখেনি। ও স্তব্ধ হয়ে শাওনের চোখের দিকে তাকিয়ে রইল। 

শাওন - এত সহজে পালাতে পারবে না জান্নাত। আজ তোমাকে আমার সব কথা শুনতেই হবে। 

জান্নাত - (অভিমানী গলায়) কী শুনব আমি? তোমার আর নতুন করে কী বলার আছে? আমি তো তোমার জীবনের একটা বিরক্তিকর অধ্যায় তাই না? তাহলে আজ আমার পথ আটকাচ্ছ কেন? 

শাওন - (জান্নাতের চোখের দিকে তাকিয়ে নরম গলায়) জান্নাত তুমি কি সত্যিই বোকা? নাকি বোকা সেজে থাকার ভান করো? তুমি সারাক্ষণ আমাকে বিরক্ত করো, বেলকনিতে এসে কাগজের গোল্লা ছুড়ে মারো, লুকিয়ে ফিরনি এনে খাওয়াও। আমার পছন্দের গরুর মাংস নিজের হাতে রান্না করে খাওয়ালে... তুমি কী ভেবেছো আমি কিছু বুঝি না? আমাকে দেখে কি তোমার অবুঝ শিশু মনে হয়?

জান্নাত - তুমি যদি সবটা বুঝতে তাহলে তো কাল রাতে ওভাবে চুপ করে থাকতে না। 

জান্নাত কথাটা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল। তখন শাওন আর সহ্য করতে পারলো না। এক টানে জান্নাতকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। জান্নাত কখনও ভাবতে পারেনি শাওন এভাবে ওকে কাছে টেনে নিবে। ও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শাওন এক হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিল।

Pasher basar dustu meye, Romantic couple image, Valobasar Golpo

শাওন - এই জান্নাত, কান্না করো না প্লিজ। তুমি প্রতিদিন এতো দুষ্টুমি করো আমি কখনও কি রাগ করেছি বলো? আমি যে নীরবে তোমার দুষ্টুমিতে সায় দিতাম সেটা কি তুমি বোঝো না? তুমি তো জানো আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। বেকার ছেলে। তাই এখনই বাসায় বলতে চাচ্ছিলাম না। ভেবেছিলাম ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ করেই একটা জব নিব। তারপর তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কিন্তু আমি তো সেই সুযোগটাই পেলাম না।

- কাল তোমার আব্বুর কাছে শুনলাম ওনারা তোমার জন্য ছেলে দেখছেন। হুট করে এসব শুনে আমি চমকে গিয়েছিলাম। এতো তারাতারি কি করব কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না। তোমার ওই চঞ্চলতা, ওই দুষ্টুমিগুলো কখন যে আমার অভ্যাসে পরিণত হয়েছে তা আমি নিজেও জানি না। তুমি তো বুঝতে আমি তোমাকে পছন্দ করি। শুধু মুখ ফুটে বলতে পারিনি এই যা। 

শাওনের মুখ থেকে সরাসরি ভালোবাসার কথা শুনে জান্নাত যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ওর বুকের ভেতর এক তীব্র আনন্দের জোয়ার বয়ে গেল। কিন্তু পরক্ষণেই ঘটকের কথা মনে পড়তেই ওর চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল। 

জান্নাত - (কেঁদে ফেলে) আমি বুঝতে পারছি শাওন। কিন্তু এখন এসব বলে কী লাভ? কাল সকালে পাত্রপক্ষ আমাদের বাসায় আসবে। আব্বু-আম্মু ওদের পাকা কথা দিয়ে দিলে আমি কী করব? আমি তো আব্বুর মুখের ওপর না করতে পারব না। 

শাওন জান্নাতের চোখের পানিটুকু মুছে দিল। তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,

শাওন - সেই জন্যই তো রাফাতকে দিয়ে তোমাকে ডেকে এনেছি জান্নাত। ইসলামি নিয়মে একবার যদি ওরা কাল এসে তোমার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব দিয়ে দেয় তখন তো আমি তোমাকে বিয়ের প্রস্তাব পাঠাতে পারব না জান্নাত। তাই এখনই আমাদের কিছু একটা করতে হবে। জান্নাত এই সমস্যাটা আমাদের দু'জনকে মিলেই সামলাতে হবে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? 

জান্নাত ওড়না দিয়ে চোখ মুছে শাওনের চোখের দিকে তাকাল। শাওনের শান্ত চোখে আজ যে দৃঢ়তা আর ভালোবাসা ও দেখতে পাচ্ছিল, তা জান্নাতকে এক অদ্ভুত সাহস জোগাল। 

জান্নাত - (নিচু গলায়) আমি তো তোমার ওপর সবসময়ই ভরসা করি শাওন। কিন্তু কালকের মেহমানদের আমরা আটকাব কীভাবে? 

শাওন - (একটু হেসে) সেই বুদ্ধি আমি করে ফেলেছি ম্যাডাম। কিন্তু তার জন্য আজ রাতে তোমাকে আমার পরিকল্পনামতো একটা কাজ করতে হবে! 

জান্নাত শাওনের কথায় মাথা নাড়িয়ে সায় দিল। শাওন মুচকি হেসে আল্লাহর দরবারে শুকরিয়া জানাল। অবশেষে তার ভালোবাসার মানুষ্টার অভিমান ভেঙেছে। এখন আসল লড়াই বাকি। যেভাবেই হোক পাত্রপক্ষ নামক ভিলেনটাকে সাইড করে ফেলতে হবে। ওদেরকে জান্নাতদের বাসায় আসতে দেওয়া যাবে না। এসব ভাবতে ভাবতেই শাওনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। 

চলবে........

🥀লেখক - Writer Shaon Ahmed 

আরও পড়ুন : 



Post a Comment

0 Comments