তার ছেড়া গার্লফ্রেন্ড (পর্ব ৩ ) — রৌদ্রের মাঝে হঠাৎ বৃষ্টি - Valobasar golpo

পরদিন সকাল থেকেই ক্যাম্পাসের পরিবেশটা কেমন যেন অন্যরকম লাগছিল। এখন হেমন্তকাল। বেলা বাড়ার সাথে সাথেই সুর্যটা মাথার উপর উঠে এসেছে। আকাশে সামান্য সাদা মেঘ জমেছে যা সাধারণত নীল আকাশে এমনিতেই থাকে।

ফারুক লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে মনে মনে হাসছিল। আবহাওয়ার রিপোর্টের কথা বাদ দিলেও এই কড়া রোদের মধ্যে হুট করে বৃষ্টি নামা কোনোভাবেই সম্ভব না। 

ফারুক ভাবল এটাই সুযোগ। আজ মাওয়ার এই পরী সাজার ভুত মাথা থেকে চিরতরে নামাতে হবে। মেয়েটা বাজি হেরে যখন মুখ ফুলিয়ে বসে থাকবে, তখন ওকে সান্ত্বনা দেওয়ার বাহানায় আরও একটু কাছে নিয়ে আদর করা যাবে।😊 বন্ধুরা যখন মাওয়াকে তার ছেড়া, পাগল বা মাথায় ছিট আছে বলে ক্ষেপায় ফারুকের তখন একদম ভালো লাগে না। সবার বাজে কথা থেকে নিজের জীবনসঙ্গীনিকে ভালোবাসায় আগলে রাখতে চায় সে।

দুপুর ১ টা বেজে ৫০ মিনিট,,,, 

ফারুক সেন্ট্রাল ফিল্ডের দিকে যাচ্ছিল। ও দেখল মাওয়া অলরেডি মাঠের মাঝখানে কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে। দূর থেকে ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। বৃষ্টি হোক বা নাই হোক ফারুক যে আজ ওকে এক মুহুর্তের জন্য কাছ ছাড়া করবে না সেটা ও ঠিক করে ফেলেছে।

Tar chera girlfriend Valobasar golpo
ফারুক হেটে ওর সামনে এসে দাঁড়াল। ও দেখল মাওয়ার চোখেমুখে ভয়ের কোনো চিহ্নই নেই, বরং এক শান্ত গভীর আত্মবিশ্বাস খেলা করছে। ফারুক ঘরির দিকে তাকিয়ে একটু দুষ্টু হাসি দিয়ে বলল,

ফারুক - কী ব্যাপার মিস জাদুকরী ম্যাডাম? ঘড়িতে কিন্তু ১টা বেজে ৫৫ মিনিট। আর মাত্র ৫ মিনিট বাকি। আকাশের অবস্থা দেখেছ? গরমের চোটে ঘামে আমার শার্ট ভিজে যাচ্ছে। এখনও সময় আছে হার মেনে নাও। আমার কাছে হার মানলে তোমাকে লজ্জা পেতে হবে না জান। আমি হাসব না প্রমিস করছি। 

ফারুকের মুখে হার মানার কথা শুনে মাওয়া ওর দিকে তাকাল। ওর সুন্দর চোখ দুটো আজ কেন যেন একটু বেশিই চকচক করছে। ও আলতো হেসে ফারুকের হাতটা ধরে বলল,

মাওয়া - ফারুক, তুমি এখনও ভাবছ আমি তোমার সাথে ফান করছি? আমি পরী রাজ্য থেকে তোমার কাছে এসেছি শুধু তোমাকে ভালোবেসে কাছে পাওয়ার জন্য। আজ ঠিক দুপুর দুইটায় এই মাঠ, এই আকাশ আর এই সকল কিছুর মালিক মহান আল্লাহ সাক্ষী থাকবেন আমার ভালোবাসা কতটা সত্যি। আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি ফারুক। তুমি জাস্ট ঘড়ির দিকে তাকিয়ে থাকো।

ফারুক মাওয়ার হাতের উষ্ণতা অনুভব করল। ক্যাম্পাস এখন অনেকটাই ফাঁকা। সবাই এই সময় ক্যাফেটেরিয়ায় থাকে। ও মাওয়াকে এক হাত দিয়ে জড়িয়ে আরেকটু কাছে টেনে নিল। মাওয়া আলতো করে ওর কাঁধে মাথা রাখল।

আজ ফারুক মন থেকে চায় মাওয়া হেরে যাক। যাতে ও নিজের ভুল বুঝতে পেরে সাধারণ মানুষের মতো আচরণ করে। আর ভালোবেসে ওর পাশে থাকে। ফারুক এখনও ভাবছিল মাওয়া পাগলামি করছে।

এমন সময় মাঠের ওপাশ থেকে সায়েম আর তানিয়া হেঁটে আসছিল। সায়েম দূর থেকেই চেঁচিয়ে উঠলো।

সায়েম - কিরে ফারুক! তোরা ভর দুপুরে এই রোদের মধ্যে মাঠের মাঝখানে কী করছিস রে? শুটকি হওয়ার ইচ্ছা আছে নাকি? আজ বিকেলের কালচারাল প্রোগ্রামের রিহার্সাল আছে না আমাদের? চল, সেমিনার রুমে যাই।

মাওয়া সায়েমের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল,

মাওয়া - সায়েম ভাইয়া একটু দাঁড়াও না। আর মাত্র দুইটা মিনিট। আমরা একটা দারুণ খেলা খেলছি। তোমরাও দেখতে পারো।

তানিয়া কলালে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকাল।

তানিয়া - খেলা মানে? এই রোদের মধ্যে দাঁড়িয়ে তুই আবার কিসের খেলা খেলছিস মাওয়া? তোর মাথার তার কি আবারও লুজ হয়ে গেছে নাকি?

মাওয়া কোনো উত্তর দিল না। ও শুধু ফারুকের দিকে তাকিয়ে চোখ মারল। হুট করেই ফারুকের বুকের ভেতর একটা অজানা অস্বস্তি মোচড় দিয়ে উঠল। গতকাল ক্যাফেটেরিয়ার সেই বার্গার উড়ে যাওয়ার দৃশ্যটা ওর চোখের সামনে ভেসে উঠছে। মেয়েটা কি সত্যিই কিছু করতে পারে? নাকি ওটা স্রেফ ওর মনের ভুল ছিল?

ঘড়ির কাঁটা টিকটিক করে এগোতে লাগল। একটা বেজে ঊনষাট মিনিট। চারপাশটা কেমন যেন থমকে গেছে। তীব্র রোদে মাঠের ঘাসগুলো গরম হয়ে উঠেছে। ফারুক মাওয়ার দিকে তাকিয়ে বলল,

ফারুক - মাওয়া, দুইটা বাজতে আর মাত্র এক মিনিট। রোদ কিন্তু আরও কড়া হচ্ছে। এবার হার মেনে নাও। বলছি তো এ বিষয়ে আমি কাউকে কিছু বলব না। প্লিজ!

মাওয়া গভীর একটা শ্বাস নিল। তারপর ও ফারুকের হাতটা ছেড়ে দিয়ে দুই পা পিছিয়ে গেল। মাওয়া নিজের দুই হাত পাখির ডানার মতো আকাশের দিকে মেলে দিল। তারপর চোখ দুটো বন্ধ করে বিড়বিড় করে কিছু বলতে লাগল। মাওয়ার এমন অদ্ভুত কাজকর্ম দেখে ফারুক মাথায় হাত দিতে যাচ্ছিল তখনি এক অলৌকিক ঘটনা ঘটে গেল।

হুট করেই সূর্যটা মেঘের চাদরে ঢেকে যেতে শুরু করল। চারপাশটা ঘন কালো মেঘে ঢাকা পড়ে অন্ধকার হয়ে গেল। সায়েম আর তানিয়া অবাক হয়ে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকাল।

সায়েম - আজব তো! এটা কী করে হলো রে তানিয়া? মাত্রই তো রোদ ছিল। এত দ্রুত মেঘ কিভাবে এল?

এদিকে ফারুক হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না৷ এটা কিভাবে সম্ভব? কয়েক সেকেন্ডের মধ্যে চারিদিক থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। ও আবারও ঘড়ির দিকে তাকিয়ে দেখল। ঘড়ির কাঁটা যখন দুপুর দুইটা ছুঁল একটা বিকট শব্দে বিজলি চমকে উঠল। এরপর  কোনো পূর্বাভাস ছাড়াই আকাশের বুক চিরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল।

বন্ধুরা সবাই বৃষ্টির ফোটা থেকে বাঁচতে যে যার মতো দৌড়ে ক্লাস রুমের দিকে দৌড় দিল।  কিন্তু ফারুক আর মাওয়া মাঠের মাঝখানেই দাঁড়িয়ে রইল। বৃষ্টির বড় বড় ফোঁটা ফারুকের পুরো শরীর ভিজিয়ে দিচ্ছিল। ও নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। আবহাওয়ার পূর্বাভাস ভুল হতে পারে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে রোদ থেকে বৃষ্টি নামানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়!

তার ছেড়া গার্লফ্রেন্ড, বাংলা রোমান্টিক গল্প
মাওয়া চোখ মেলেই প্রথম ফারুকের দিকে তাকাল। বৃষ্টিতে ভেজায় ওর চুলগুলো মুখের ওপর লেপ্টে আছে। মাওয়া ফারুকের কাছে এগিয়ে এসে ওর দুই হাত নিজের হাতের মুঠোয় নিল। বৃষ্টির পানির মাঝেও মাওয়ার হাত দুটোতে অদ্ভুত রকম উষ্ণতা ছিল। ও মুচকি হেসে বলল,

মাওয়া - মি. ফারুক হাসান রোদ বাজি কে জিতল বলুন তো? এখন তো বিশ্বাস করবে যে তোমার সামনে কোনো সাধারণ মেয়ে দাঁড়িয়ে নেই? আমি পরী রাজ্য থেকে আসা তোমার তার ছেঁড়া পরী!

ফারুক স্তব্ধ হয়ে মাওয়ার দিকে তাকিয়ে রইল। ওর মনের ভেতর তখন একটা তীব্র ঝড় বয়ে যাচ্ছে। ও কি সত্যি সত্যিই কোনো অলৌকিক শক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছে? নাকি সবটা স্বপ্ন? মাওয়া আসলেই কোনো সাধারণ মানুষ নয়?

ফারুকের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। ও শুধু মাওয়াকে আরও একটু কাছে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর এক হাত দিয়ে মাওয়ার কপালে লেপ্টে থাকা চুলগুলো সড়িয়ে দিল।

Tar chera girlfriend, Bengali Romantic Story
ঠিক তখন লাইব্রেরির বারান্দা থেকে তানিয়া চেঁচিয়ে বলল,

তানিয়া - ফারুক ভাইয়া, মাওয়া! তোরা পাগল হয়ে গেছিস নাকি? ভিজছিস কেন ওভাবে? মাওয়া ফারুক ভাইয়াকে নিয়ে তারাতারি এদিকে আয়।

তানিয়ার চিৎকার শুনে ফারুক মাওয়ার হাত ধরে টেনে বারান্দার দিকে নিয়ে এল। আসার পর থেকেই সবাই মাওয়াকে নিয়ে নানারকম কথা বলাবলি করছিল। সায়েম বলল, "কাকতালীয় হলেও মানতেই হবে, এমন কাঠফাটা রোদের মধ্যে বৃষ্টি? মাওয়ার টাইমিংটা কিন্তু সেরা ছিল বস! এমন পূর্বাভাস দিতে তো আবহাওয়া বিজ্ঞানীরাও পারে না।" 

সবাই এসব নিয়ে হাসাহাসি করছিল। কিন্তু ফারুক চুপচাপ আড়চোখে মাওয়ার দিকে তাকিয়ে রইল। তখন মাওয়া এক বিজয়ী রাজকন্যার মতো চুলে হাত বোলাচ্ছে। সাধারণ মেয়ে হলে হয়তো এতক্ষণে ওর জামা গায়ে লেপ্টে থেকে এক অশ্লীল ভাব ফুটে উঠতো। কিন্তু মাওয়ার ক্ষেত্রে সেরকম কিছুই হলো না। ওর ড্রেসটা অদ্ভুতভাবে শালীনতা তৈরি করছিল যা দেখে ফারুকের মনের সামান্য সন্দেহ টুকুও দূর হয়ে গেল।

বিকেলের দিকে রিহার্সাল শেষ করে ফারুক যখন মাওয়াকে রিকশায় তুলে দিতে গেল তখন মাওয়া ফারুকের কানের কাছে ফিসফিস করে বলল,

মাওয়া - ফারুক, আমি কিন্তু আজ রাতে আম্মুকে বলব বাসায় তোমার জন্য স্পেশাল গরুর মাংসের বিরিয়ানি রান্না করতে। তুমি কিন্তু মাগরিবের নামাজ পড়েই আমাদের বাসায় চলে আসবে। আর হ্যাঁ, মনে আছে তো? বাজি হারার পর তোমাকে কিন্তু সবার সামনে একটা কথা বলতে হবে।

ফারুক রিকশার হুডটা টেনে দিতে দিতে বলল,

ফারুক - কী কথা?

মাওয়া ঠোঁট ফুলিয়ে বলল,

মাওয়া - ওই যে! যে যাই বলুক আমিই তোমার জীবনে সত্যিকারের পরী! তবে হ্যাঁ, ভুল করে কিন্তু আমার সত্যি সত্যি পরী হওয়াটা বলে দিও না। আজ রাতে তোমার জন্য স্পেশাল আদর আর শুক্রবার বিকেলে মেঘের আইসক্রিম পাওনা রইলো কিন্তু।

ফারুক মৃদু হেসে মাওয়ার ভেজা গালে হাত রাখল।

ফারুক - আচ্ছা বাবা, আসব। এখন চুপচাপ বাসায় যাও। নাহলে আমার পরী রাজকন্যাটা আবার ঠাণ্ডা লেগে বিছানায় পড়ে থাকবে

মাওয়া ফারুকের কথা শুনে মুচকি হাসলো। রিকশাটা চলে যাওয়ার পর ফারুক একা একা হাঁটতে লাগল। ও বুঝতে পারছিল মাওয়াকে নিয়ে ওর জীবনের এই গল্পটা আর পাঁচটা সাধারণ প্রেমের গল্পের মতো নয়। এই গল্পের প্রতিটি পরতে পরতে রহস্য আর খুব অদ্ভুত কিছু লুকিয়ে আছে। কিন্তু ফারুক তখনও জানত না, এই বৃষ্টির জাদুর রেশ কাটতে না কাটতেই ওর জীবনে আরও বড় একটা ঝড় আসতে চলেছে। যা মাওয়ার এই জাদুর জগৎটাকে ওলটপালট করে দেবে।

চলবে..........

🥀লেখক : Antor Islam Shaon (Writer Shaon Ahmed) 

তার ছেড়া গার্লফ্রেন্ড ফ্যান্টাসি প্রেমের গল্প 

- পর্ব ২ পড়ুন

- পর্ব ৪ পড়ুন




Post a Comment

0 Comments