পাশের বাসার দুষ্টু মেয়ে (পর্ব ৬ ও শেষ ) — বাসর রাতের মিষ্টি ঝগড়া - Bangla romantic golpo

 

Pasher Basar Dustu Meye, Wedding Couple Image, Premer Golpo
পরের দিন সকাল আটটা। জান্নাতের আব্বু প্রতিদিনের মতো গলির মোড়ে রফিক চাচার দোকানে বসে খবরের কাগজ পড়ছিলেন। ঠিক তখনই কয়েকজন মুরুব্বি দোকানে এসে ওনার পাশে বসলেন। তখন ওনারা কাল সকালের ঘটনা নিয়ে আলোচনা শুরু করলেন।

মুরুব্বি ১ - রফিক! কাল তোমার দোকানের সামনে সিয়ামরা যা নাটক শুরু করেছিল। বাংলাদেশ ব্যাংকে চাকরি করা ছেলেটাকে একদম ভয় পাইয়ে দিয়েছে।

রফিক চাচা - হ চাচা, দেখসি তো। পাশের বাসার শাওন আর ওর বন্ধুরা বাইক আড়াআড়ি কইরা ওই ছেলেটার গাড়ি আটকাইল। তারপর শাওন ওই অফিসারের হাতে কী জানি একটা খাম দিল। খাম খুইলা ছবি দেখেই তো ওই পোলার মুখ চুন হয়ে গেছিল! 

মুরুব্বি ২ - হ, আমিও শুনলাম। ওই পোলা নাকি ব্যাংকেরই অন্য একটা মেয়ের সাথে লটরপটর করে, সেই ছবি নাকি শাওনের হাতে আছিল। পড়ে পোলাডা ছবি ফাঁস হওয়ার ভয়ে কাঁপতে কাঁপতে তার বাপের সামনে স্বীকার করল যে ও অন্য মেয়েরে ভালোবাসে। তারপর তো ওনারা গাড়ি ঘুরাইয়া চইলা গেল। কিন্তু কথা হইলো, ওই লোক এই গলিতে কার বাসায় আইছিল? 

রফিক চাচা - হেইডা তো বুঝলাম না চাচা। তবে শাওন যেভাবে পোলাডারে টাইট দিল, মহল্লার একটা বড় অঘটন থেইকা বাঁচাইয়া দিল। নাহলে ওই পোলায় বিয়ার পর মেয়েডার জীবন নষ্ট কইরা দিত। আমাগো শাওন যেমন শান্ত, তেমনই দরকারের সময় ঠিক কাম করে। ওর সাহস আছে বলতে হবে।

চায়ের দোকানের সবাই যখন শাওনের প্রশংসায় ব্যস্ত জামিল সাহেব তখন স্তব্ধ হয়ে কথাগুলো শুনছিলেন। ওনার বুঝতে আর বাকি রইল না, কাল ওনাদের বাসায় যেই পাত্র আসার কথা ছিল তাকে পাশের বাসার শাওন গলির মোড়েই আটকে দিয়েছে!

ওনার মনের সন্দেহটা আজ পুরোপুরি সত্য হয়ে গেল। ওনার বুকে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো—রাগ, নাকি বিস্ময়, উনি নিজেই বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ পর উনি চায়ের বিল মিটিয়ে দ্রুত শাওনদের বাসার দিকে রওনা হলেন।

হঠাৎ শাওনদের বাসার কলিংবেল বেজে উঠলো। তার কিছুক্ষণ পর শাওনের আম্মু দরজা খুলে দিলেন। উনি জামিল সাহেবকে এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলেন। 

আম্মু - আরে জামিল ভাই! আসসালামু আলাইকুম। আসুন, ভেতরে আসুন। 

জামিল সাহেব - ওয়ালাইকুম আসসালাম ভাবি। ভাই কি ঘরে আছেন? আর শাওন কোথায়? ও কি ঘুম থেকে উঠেছে? 

শাওনের আব্বু বসার ঘর থেকে জামিল সাহেবের গলার আওয়াজ শুনেই দ্রুত উঠে আসলেন। শাওনের আব্বু জামিল সাহেবকে সোফায় বসাতেই শাওন নিজের রুম থেকে বের হয়ে এলো। তারপর হঠাৎ জামিল আঙ্কেলকে দেখে ওর বুকের ভেতরটা একটু কেঁপে উঠলো। আংকেল এই অসময়ে ওদের বাসায় কী করছেন? শাওন কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে আংকেলকে সালাম দিল।

শাওন - আসসালামু আলাইকুম আঙ্কেল। 

আংকেল - ওয়ালাইকুম আসসালাম। শাওন বাবা একটু বসো তো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। 

জামিল সাহেব সবকিছু জেনেও কোনো চিল্লাচিল্লি করলেন না। তিনি অত্যন্ত শান্ত ও গম্ভীর কণ্ঠে সরাসরি শাওনের চোখের দিকে তাকালেন। 

আংকেল - শাওন, কাল সকালে জান্নাতকে দেখতে পাত্রপক্ষ আমাদের বাসায় আসার কথা ছিল। শুনলাম তুমি আর তোমার বন্ধুরা মিলে ওদের গলির মোড়ে আটকে দিয়েছ। এটা কি সত্যি?

শাওনের আব্বু আম্মু জান্নাতের আব্বুর মুখে এমন  কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। ওনারা হা করে শাওনের দিকে তাকালেন। শাওন একটু অপ্রস্তুত হয়ে এক মুহূর্তের জন্য নিচের দিকে তাকাল। তারপর একটা গভীর শ্বাস নিয়ে জামিল আঙ্কেলের চোখের দিকে তাকাল। ওর চোখে আজ কোনো ভয় ছিল না। 

শাওন - জ্বী আঙ্কেল, কথাটা সত্যি। আমিই রাশেদুলকে তাড়িয়ে দিয়েছি। 

আব্বু - (উত্তেজিত হয়ে) কী বলছিস শাওন? তুই কেন এসব করেছিস? 

শাওন - আব্বু, তুমি শান্ত হও। আঙ্কেল আমি শুধু শুধু এমন করিনি। রাশেদুল ছেলেটার চরিত্র মোটেও ভালো না। সিটি ব্যাংকের এক নারী কর্মকর্তার সাথে ওর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ও শুধু ওনার বাবার চাপে পড়ে জান্নাতকে দেখতে আসছিল। আমার এক ফুফাতো ভাইয়ের মাধ্যমে আমি ওনার বাজে চরিত্রের সব ছবি আর প্রমাণ জোগাড় করেছিলাম। ছবিগুলো এখনো আমার আলমারিতে রাখা আছে। আপনি চাইলে আমি ওগুলো আপনাকে দেখাতে পারি। 

জামিল সাহেব শাওনের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। ছেলেটার খারাপ চরিত্রের কথা শুনে ওনার রাগটা কমে গেল। ওনার মনে হচ্ছিলো এই ছেলেটা না থাকলে ওনার একমাত্র মেয়ের জীবনটা একটা চরিত্রহীন ছেলের হাতে পড়ে নষ্ট হয়ে যেত। 

উনি কিছুক্ষণ চুপ থেকে শান্ত কন্ঠে বললেন,

আংকেল - শাওন, পাত্র খারাপ ছিল সেটা আলাদা বিষয়। কিন্তু তুমি কেন যেচে ওনাদের আটকাতে গেলে? তুমি যখন সব প্রমাণ পেয়েই গেছো আগে থেকে আমাদের কেন জানালে না? এর পেছনে আসলে তোমার উদ্দেশ্য কী? 

শাওন এবার আর কোনো ভনিতা করল না। ও চোখটা একটু নিচু করে অত্যন্ত ভদ্রভাবে নিজের মনের আসল কথাটা প্রকাশ করল। 

শাওন - আঙ্কেল, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি এটা করিনি। আসলে,,, আমি জান্নাতকে অনেক পছন্দ করি। আপনাদের বাসায় মেহমান আসবে আর... অন্য কোনো পুরুষ এসে জান্নাতের দিকে বাজে নজরে তাকাবে এটা আমি মেনে নিতে পারছিলাম না। 

আংকেল আমি জানি আমি এখনও পড়াশোনা করছি, অনার্স ফার্স্ট ইয়ারের একজন বেকার ছাত্র। কিন্তু আমি পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম জব বা ছোটখাটো কিছু একটা করে খুব দ্রুত নিজের পায়ে দাঁড়াতে চাই। জান্নাতকে আমি সবসময় সুখে রাখার চেষ্টা করব আঙ্কেল। আপনারা যদি চান, তবে আমাদের বিয়েটা এখনই পাকা করে দিতে পারেন। আমি জান্নাতকে হারাতে চাই না। তাই.. পাত্রপক্ষ ভালো হলেও আমি এমনটা করতাম।

শাওনের মুখে সরাসরি জান্নাতকে পছন্দ করার কথা শুনে ঘরের সবাই যেন কয়েক মুহুর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ফাতেমা বেগম আর ওনার স্বামী একে অপরের দিকে তাকালেন। ওদিকে স্বামীকে ওভাবে শাওনদের বাসায় আসতে দেখে জান্নাতের আম্মুও কিছুক্ষণ আগে দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। জান্নাত আম্মু আব্বুকে আসতে দেখে আম্মুর পেছনে এসে লুকিয়েছিল। শাওনের কথা শেষ হতেই ওরা ভেতরে আসলো।

জান্নাতের আম্মু - হ্যাঁ, জান্নাতও আমাকে বলেছে ও শাওনকে পছন্দ করে। জান্নাতের আব্বু, ছেলেটা যখন নিজে মুখ ফুটে বলছে, আর জান্নাতও ওকে পছন্দ করে, তখন আমাদের আর অমত করার কী আছে? তুমি তো ওকে চেনো শাওন কত ভালো ছেলে।

ছেলেমেয়ের পছন্দের কথা শুনে শাওনের আব্বুও মুচকি হেসে জামিল আংকেলের কাঁধে হাত রাখলেন। 

Pasher basar dustu meye, family picture
আব্বু - জামিল ভাই, ছেলে-মেয়ে যখন একে অপরকে পছন্দই করে আর আমার ছেলে শাওন যখন কথা দিচ্ছে ও নিজের পায়ে দাঁড়াবে, তখন শরীয়ত মেনে ওদের সম্পর্কটা পাকা করে ফেলাই ভালো। কী বলেন প্রতিবেশী থেকে এবার আত্মীয় হওয়া যাক?

জামিল সাহেব চুপ করে কিছুক্ষণ ভাবতে লাগলেন। তারপর একবার শাওনের দিকে আরেকবার দরজার আড়ালে লুকিয়ে থাকা জান্নাতের দিকে তাকালেন। এরপর ওনার ঠোঁটের কোণে হঠাৎই প্রশান্তির হাসি ফুটে উঠল।

জান্নাতের আব্বু - (হেসে ফেলে) ভাই যখন বলছেন, তখন আর না করি কীভাবে? ওরা যখন রাজি তখন কাজি ডাকার কাজটা তো আমাদেরকেই করতে হবে। ঠিক আছে, দুই সপ্তাহ পর আমাদের দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে ওদের বিয়ে হবে।

আব্বুর সম্মতি পেয়েই জান্নাতের খুশিতে লাফাতে ইচ্ছে করছিল। কিন্তু বড়দের সামনে ওসব করা যাবে না। তাই ও নিজেকে সামলে নিল। তারপর আড়চোখে শাওনের দিকে তাকিয়ে ছাদে যেতে ইশারা করল। এদিকে শাওন সবকিছু ভালোয় ভালোয় মিটে যাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানাল।

দুই সপ্তাহ পর......

শাওনদের সারা বাড়ি আলোকসজ্জায় সাজানো হয়েছে। কোনো গান-বাজনা ছাড়াই অত্যন্ত সুন্দরভাবে ইসলামিক শরীয়ত মেনে ঘরোয়া পরিবেশে শাওন আর জান্নাতের বিয়ে সম্পন্ন হলো।

Pasher basar dustu meye, Love story bangla, Valobasar Golpo

রাত এগারোটা বাজে। জান্নাত বউ সেজে শাওনের ঘরে বসে আছে। তার পরনে গোলাপি লেহেঙ্গা, মাথায় ঘোমটা টানা। বাইরে শীতের ঠান্ডা বাতাস বইছে কিন্তু ঘরের ভেতরের পরিবেশটা অত্যন্ত উষ্ণ। 

কিছুক্ষণ পর শাওন দরজা বন্ধ করে ধীরে ধীরে জান্নাতের কাছে এগিয়ে এলো। আজকে ওর বুকটা কেমন যেন ধুকপুক করছিল। শাওন খাটের ওপর জান্নাতের খুব কাছাকাছি এসে বসল। জান্নাত লজ্জায় মাথা নিচু করে মুচকি হাসলো। শাওন মিষ্টি হেসে জান্নাতের ঘোমটাটা আলতো করে তুলে ফেলল।

Pasher Basar Dustu Meye Valobasar Golpo, Romantic premer Golpo, Love story bangla

শাওন - কী ব্যাপার ম্যাডাম? পাশের বাসার সেই দুষ্টু মেয়েটার চঞ্চলতা আজ কোথায় গায়েব হয়ে গেল শুনি? আজ কি আর পেপারের গোল্লা ছুড়ে মারবেন না? 

জান্নাত লজ্জায় লাল হয়ে শাওনের বুকে মাথা রাখলো। তারপর ফিসফিস করে বলল,

জান্নাত - উফফ! আজকে ওসব নিয়ে একদম ক্ষ্যাপাবে না। তখন তো আমি তোমাকে পছন্দ করতাম আর তুমি একটা খবিশের মতো ভাব নিয়ে থাকতা। আর এখন আমি তোমার বিবাহিতা স্ত্রী। 

শাওন জান্নাতকে পরম আবেশে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। এরপর ওর চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, 

শাওন - বাট এই খবিশ ছেলেটাকে কিন্তু তুমিই দুষ্টু বানিয়ে দিয়েছো৷ তাই এখন ফল ভোগ করো ম্যাডাম।

এই বলে শাওন জান্নাতের চুলে মুখ ডুবিয়ে দিল। জান্নাত শাওনের বুকে আরও শক্ত করে জড়িয়ে রইল। তারপর চোখ বন্ধ করে এক পরম তৃপ্তির নিঃশ্বাস ফেলল। পাশের বাসার সেই দুষ্টু মেয়েটা আজ শান্ত ছেলেটার জীবনের চিরস্থায়ী সুখের কারণ হয়ে রইল। 

(সমাপ্ত)

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক/পাঠিকা। "Pasher Basar Dustu Meye" গল্পটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে Story Cafe Bangla এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ

🥀লেখক - Writer Shaon Ahmed 

আরও পড়ুন : 

পাশের বাসার দুষ্টু মেয়ে (আগের পর্ব ৫)

পাশের বাসার দুষ্টু মেয়ে (পর্ব ১)

Post a Comment

0 Comments