পরী রাজকন্যার সাথে বিয়ে (পর্ব ৬) — ছোট বোনের সন্দেহ - Bangla Romantic Love Story | ভালোবাসার গল্প

সেঁজুতির গলার আওয়াজ শুনতেই সিয়ামের বুকের ভেতরটা ধক করে উঠল। পিচ্চি বোনটা যদি মাওয়াকে একবার দেখে ফেলে তাহলে সারা বাড়ি মাথায় তুলবে। সে চোখের ইশারায় মাওয়াকে আবার আলমারির পেছনে চলে যেতে বলল। মাওয়াও পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত আলমারির আড়ালে চলে গেল।

সিয়াম মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে থাকা নিলয়ের দিকে একবার তাকিয়ে নিজের গায়ের শার্টটা একটু টেনে সোজা করল। তারপর লম্বা একটা শ্বাস নিয়ে দরজা খুলল।

কিন্তু দরজা খোলার সাথে সাথে সেঁজুতি নুডলসের বাটি নিয়ে একটু ধাক্কা দিয়েই ঘরের ভেতর ঢুকে পড়ল। সিয়াম ওকে আটকানোর সুযোগটাই পেল না। ঘরে পা রাখতেই ও নাকটা একটু কুঁচকে চারপাশটা দেখতে লাগল।

Pori Rajkonnar Sathe Biye, Love Story Bangla
সেঁজুতি - (কৌতূহলী চোখে) আচ্ছা ভাইয়া, তোর ঘর থেকে কিসের এত সুন্দর সুবাস আসছে রে? মনে হচ্ছে কোনো ফুলের ঘ্রাণ! তুই কি রুমে নতুন কোনো পারফিউম স্প্রে করেছিস?

সিয়াম - (আমতা আমতা করে) ক... কই না তো! ওই যে নিলয় এসেছে না? ও একটা দামী পারফিউম মেখে এসেছে। সেই ঘ্রাণই পাচ্ছিস হয়তো। তুই নুডলসগুলো টেবিলে রাখ।

সেঁজুতি নুডলসের বাটি দুটো টেবিলে রাখতে গিয়ে হঠাৎ ফ্লোরের দিকে তাকালো। সে দেখল নিলয় খাটের পাশে ফ্লোরে হাত-পা ছড়িয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। সেঁজুতি নিলয়ের এমন অবস্থা দেখে চমকে উঠলো।

সেঁজুতি - (ভয়ার্ত গলায়) ভাইয়া! নিলয় ভাইয়া মেঝেতে ওভাবে পড়ে আছে কেন? কী হয়েছে ওনার? তুই আবার নিলয় ভাইয়ার সাথে মারামারি করেছিস নাকি ভাইয়া?

পরী রাজকন্যার সাথে বিয়ে, ভালোবাসার ধারাবাহিক গল্প
সিয়াম - (দ্রুত সেঁজুতির সামনে এসে দাঁড়িয়ে হাসার চেষ্টা করে) আরে না! কী যে বলিস না তুই! মারামারি করব কেন? আসলে নিলয় কাল রাত জেগে অনার্সের এসাইনমেন্ট করেছে তো, তাই ওর ভীষণ মাথা ঘুরছিল। আমার রুমে এসে ফ্লোরের ঠান্ডা পেয়ে শুয়ে একটু ঘুমিয়ে নিচ্ছে।

সেঁজুতি - (সন্দেহী চোখে) ভাইয়া তুই কি আমাকে বোকা পেয়েছিস? কেউ কি এভাবে জুতা-মোজা পরে মেঝেতে পড়ে ঘুমায়? তুই সত্যি বলছিস তো মারামারি করিস নাই? নাকি আমি আম্মুকে ডাকব?

সিয়াম - আরে না না! আম্মুকে ডাকার কোনো দরকার নেই। আম্মু আসলে শুধু শুধু চেঁচামেচি করবে। তুই বরং এক কাজ কর। নিলয়ের জন্য এক মগ কড়া করে লাল চা বানিয়ে নিয়ে আয়। ও ঘুম থেকে উঠে চা টা খেলেই ওর মাথাটা ফ্রেশ হয়ে যাবে। যা জলদি যা বোন আমার! ভালো করে চা বানালে কাল তোকে অনেকগুলো চকলেট কিনে দিব।

চকলেটের কথা শুনতেই সেজুঁতি এক মুহুর্তে সব ভুলে গেল। সিয়াম কোনোমতে সেঁজুতিকে বুঝিয়ে দরজাটা আবারও লক করে দিল। ও চলে যেতেই আলমারির আড়াল থেকে মাওয়া বের হয়ে এল। তার সুন্দর মুখটাতে এখনো কিছুটা ক্লান্তির ছাপ। 

সিয়াম - (একটা দীর্ঘশ্বাস ফেলে) ওফ্‌! অল্পের জন্য বেঁচে গেলাম। সেজুঁতি যেভাবে গোয়েন্দাগিরি শুরু করেছিল। আর একটু হলেই সব ফাঁস হয়ে যেত। মাওয়া এখন নিলয়কে জাগানো দরকার।

মাওয়া নিলয়ের কাছে এসে ওর হাতটা নিলয়ের কপালে ছুঁয়ে একটা ফুঁ দিল। পরীর হাতের জাদুকরী ছোঁয়ায় নিলয় আস্তে আস্তে চোখ মেলে তাকাল। তার চোখের সেই কালচে লাল আভা এখন আর নেই। চোখ দুটো একদম স্বাভাবিক লাগছে।

নিলয় - (মাথা চেপে ধরে) উহ! আমার মাথাটা এত ব্যথা করছে কেন রে? আর আমি তোর ঘরে শুয়ে আছি কেন বলতো?

সিয়াম - (নিলয়কে টেনে খাটে বসিয়ে) শালা তুই আবার নতুন করে কি নাটক শুরু করলি? তুই নিজেই তো নোট নিতে এসে মাথা ব্যথা করছে বলে ফ্লোরে শুয়ে পড়লি। কাল রাতে কী এমন গিলছিস রে? ওঠ, আম্মু নুডলস পাঠিয়েছে। আরেকটু পর সন্ধ্যা হয়ে যাবে, খেয়ে বাসায় যা।

নিলয় সিয়ামের দিকে হা করে তাকিয়ে রইল। তার স্মৃতিতে একটু আগের কোনো কিছুই মনে নেই। সে শুধু মনে করতে পারল ও সিয়ামের বাড়িতে নোট নিতে এসেছিল। সিয়াম নিলয়কে বসিয়ে নুডলস খাওয়াল।

কিছুক্ষণ পর সেঁজুতি চা নিয়ে আসলে নিলয় চা টা খেয়ে অনেকটা সুস্থ বোধ করল। এরপর সিয়াম নিলয়কে গলির মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে আসল।

নিলয়কে বিদায় দিয়ে সিয়াম যখন নিজের রুমে ফিরল তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। বিছানার উপর মাওয়া গুটিসুটি মেরে বসে আছে। তার হাতের নীল কাঁচের চুড়িগুলো বিকেলের আবছা আলোয় ঝলমল করছিল। সিয়াম রুমে ঢুকে দরজাটা লক করে মাওয়ার মুখোমুখি এসে বসল। ও আসতেই ঘরের পরিবেশটা কেমন যেন একটু গম্ভীর হয়ে গেল। সিয়াম মাওয়ার চোখের দিকে তাকাল।

সিয়াম - (একটু ইতস্তত করে) মাওয়া, একটা জরুরি কথা বলার ছিল। আজ যা ঘটল, তারপর আমার মনটা খুব অশান্ত হয়ে আছে।

মাওয়া - (সিয়ামের চোখের দিকে তাকিয়ে, নরম গলায়) কী কথা সিয়াম? নতুন কোনো বিপদের ভয় পাচ্ছেন?

Pori Rajkonnar Sathe Biye, Romantic Golpo
সিয়াম - (মাথা নেড়ে) না মাওয়া, বিপদের ভয় না। মানুষের জগতের কিছু নিয়ম-কানুন আছে, যা আমাদের মুসলমানদের মধ্যে খুব কড়াভাবে মানতে হয়। তুমি একটা মেয়ে আর আমি একজন ছেলে। আমাদের বিয়ে হয়নি। এক ঘরে এভাবে একজন অবিবাহিত নারী পুরুষ একসাথে থাকাটা ভালো দেখায় না। আর আমাদের ধর্ম মতে এসব একদমই ঠিক না। আম্মু বা কেউ যদি জানতে পারে তাহলে আমাদের ভুল বুঝবে। তখন আমি লজ্জায় কারো সামনে মুখ দেখাতে পারব না।

মাওয়া সিয়ামের কথা শুনে কিছুটা অবাক হলো। তার কপালে হালকা চিন্তার ভাঁজ পরে গেল। সে পরীদের রাজ্যে কখনো এসব নিয়মের কথা শোনেনি। 

সিয়াম একটু থেমে লম্বা শ্বাস নিল। তারপর আরেকটু গম্ভীর গলায় বলল,

সিয়াম - মাওয়া! সত্যি বলতে তোমাকে নদীর পারে প্রথম দেখায় আমার খুব ভালো লেগেছিল। আমি হুট করে তোমাকে এখান থেকে চলে যেতে বলে কোনো বিপদে ফেলতে চাই না। কিন্তু এভাবে চোরের মতো একই ঘরে লুকিয়ে রাখাও সম্ভব না। এই পরিস্থিতির একটাই সুন্দর সমাধান আছে। আর তা হলো বিয়ে। আমি তোমাকে ইসলামি নিয়ম মেনে, সম্মানের সাথে আমার স্রী হিসেবে পেতে চাই। এটাই আমাদের সম্পর্কের সুন্দর পরিণতি হতে পারে। 

সিয়ামের এমন সরাসরি ভালোবাসাপূর্ণ কথাগুলো শুনে মাওয়া স্তব্ধ হয়ে গেল। তার গাল দুটো মুহূর্তের মধ্যে লজ্জায় একদম লাল হয়ে উঠল। সে তার হাতের চুড়িগুলো আঙুল দিয়ে নাড়াচাড়া করতে লাগল। 

সিয়াম - (মাওয়ার আরেকটু কাছে গিয়ে) আমি তোমার ওপর কিছু জোর করে চাপিয়ে দিতে চাই না মাওয়া। নূরের আংটি আমার আঙুলে আটকে গেছে বলে তোমাকে থাকতে হচ্ছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি তোমার মনের চাওয়াটা জানতে চাই। তোমার কি এই সিয়ামকে নিজের জীবনসঙ্গী হিসেবে পছন্দ হয়েছে? তুমি কি আমাকে বিয়ে করতে রাজি রাজকন্যা?

সিয়ামের কথা শুনে মাওয়া লজ্জায় মাথা নিচু করে রইল। কিন্তু তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসির রেখা ফুটে উঠল। যা দেখে সিয়াম স্পষ্ট বুঝতে পারল পরী রাজকন্যার মনের আকাশেও তার জন্য ভালোবাসার মেঘ জমতে শুরু করেছে। কিন্তু এই পথ এতো সহজ নয়। সামনে আরও অনেক কিছু ঘটতে চলেছে।

(চলবে....??)

🥀লেখক - Antor Islam Shaon

পরী রাজকন্যার সাথে বিয়ে - পর্ব ৫  ও পর্ব ৭ পড়ুন

Post a Comment

0 Comments