পরী রাজকন্যার সাথে বিয়ে (পর্ব ৪) — মাওয়ার হাতে কাঁচের চুড়ি - Bengali Romantic Golpo

ভার্সিটির ক্লাস শেষ হতে হতে দুপুর দুইটা বেজে গেল। বন্ধুদের হাজারটা প্রশ্নের হাত থেকে কোনোমতে পিঠ বাঁচিয়ে সিয়াম কলেজ থেকে বের হলো। ঢাকার চিরচেনা জ্যাম লেগে আছে। নিউ মার্কেটের দিকে যাওয়ার সময় হঠাৎ ওর মনে হলো, মাওয়া তো সেই সকাল থেকে ঘরে একা বন্দী হয়ে আছে।

মানুষের জগতের কোনো কিছু সে চেনে না, একটা ফোন পর্যন্ত নেই। সিয়ামের মনে হলো, মেয়েটার জন্য কিছু একটা নিয়ে যাওয়া দরকার। তাই সে একটা কসমেটিকসের দোকানে ঢুকল। 

মেয়েদের জিনিসপত্র সম্পর্কে ওর ধারণা তেমন নেই বললেই চলে। দোকানদারের দিকে তাকিয়ে সে একটু আমতা আমতা করে বলল, "ভাই, ভালো দেখে একটা কাঁচের চুড়ি দেখান তো। নীল রঙের রেশমি চুড়ি।"

Pori Rajkonnar Sathe Biye, মিষ্টি প্রেমের গল্প

দোকানদার মুচকি হেসে সুন্দর নীল রঙের রেশমি কাঁচের চুড়িগুলো সাজিয়ে দিল। সাথে সিয়াম একটা ছোট ডায়েরি আর কলমও কিনল। যাতে মাওয়া একা একা বোর হলে কিছু আঁকাআঁকি করতে পারে। উপহারের প্যাকেটটা ব্যাগে নিয়ে সিয়াম যখন বাসার গলিতে ঢুকল, তখন ওর বুকটা কেমন যেন ধুকপুক করতে লাগল। 

সিয়াম বাড়িতে এসে দেখল আম্মু জোহরের নামাজ পড়ছেন। ও নিঃশব্দে সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুমের তালাটা খুলল। রুমে ঢুকেই দেখল মাওয়া জানালার পর্দাটা সামান্য ফাঁক করে বাইরের রাস্তার দিকে হা করে তাকিয়ে আছে। সিয়ামকে ঢুকতে দেখেই তার মায়াবী মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল।

মাওয়া - (উচ্ছ্বসিত গলায়) সিয়াম! আপনি এসেছেন? এতক্ষণ লাগে মানুষের জগতে একটা ক্লাস করতে? আমি তো ভাবছিলাম আপনি বুঝি আমাকে এই বন্দিশালায় ফেলে রেখে ভুলেই গেছেন!

সিয়াম - (ব্যাগটা টেবিলে রেখে হেসে) না ম্যাডাম, ঢাকার জ্যাম আর বন্ধুদের জেরা পার করে আসতে একটু সময় লাগলো। এতো সুন্দর আর কিউট পরীটা আমার ঘরে বসে আছে। তাকে কি আর ভুলে যাওয়া যায় নাকি? এই নিন, আপনার জন্য মানুষের জগতের একটা ছোট সারপ্রাইজ গিফট এনেছি। 

সিয়াম ব্যাগ থেকে নীল কাঁচের চুড়ির বক্সটা বের করে মাওয়ার দিকে বাড়িয়ে দিল। মাওয়া কৌতূহল নিয়ে বক্সটা খুলল। জানালা দিয়ে আসা রোদের আলোয় নীল চুড়িগুলো চকচক করে উঠতেই মাওয়ার চোখ দুটো আনন্দে বড় বড় হয়ে গেল। 

মাওয়া - (চুড়িগুলো হাতে নিয়ে মুগ্ধ গলায়) ওহ সিয়াম! এগুলো কত সুন্দর! আমাদের পরী রাজ্যে তো হিরা জহরত দিয়ে গয়না বানানো হয়। কিন্তু এমন কাঁচের তৈরি এত সুন্দর জিনিস আমি কখনো দেখিনি! এটার নাম কী?

সিয়াম - (মুচকি হেসে) এটাকে বলে কাঁচের চুড়ি। আমাদের এখানে মেয়েরা এটা খুব পছন্দ করে। পরবেন নাকি? দাঁড়ান, আমি পরিয়ে দিচ্ছি... মানে, আপনি যদি কিছু মনে না করেন। আচ্ছা আপনি নিজেই পড়ে নিন।

সিয়াম প্রথমে হাত বাড়াতে গিয়েও মাওয়ার অস্বস্থির কথা চিন্তা করে থেমে গেল। কিন্তু মাওয়া এবার আর আগের মতো হাত সরিয়ে নিল না। সে নিজেই তার হাতটা সিয়ামের দিকে বাড়িয়ে দিল। তার গালে হালকা লাজের আভা। 

মাওয়া - (নিচু স্বরে) আংটি যখন আপনার আঙুলে আটকে গেছে, তখন আমার দায়িত্বও পুরোপুরি আপনার। আমার নিজের মানুষ বলতে তো এখন এই জগতে আপনিই। তাই চুড়িগুলো আপনিই পরিয়ে দিন।

মাওয়ার মুখে সিয়ামকে নিজের মানুষ বলতে শুনে সিয়ামের যে কতটা ভালো লাগছিল, তা বলে বোঝানো যাবে না। সিয়াম আলতো করে মাওয়ার নরম হাতটা তার হাতে নিল। মাওয়ার হাত যে এতো নরম আর তুলতুলে সিয়াম সেটা অনুভব করতে পারছিল। সে খুব সাবধানে, একটা একটা করে চুড়ি মাওয়ার হাতে পরিয়ে দিতে লাগল। 

Pori Rajkonnar Sathe Biye, Romantic Love Story seen

চুড়িগুলোর টুংটাং শব্দ আর মাওয়ার নিবিড় উপস্থিতি সিয়ামের হৃদস্পন্দন আবারও বাড়িয়ে দিচ্ছিল। তবে এই ভালো লাগার মাঝে কোনো অশালীনতা ছিল না, ছিল এক পবিত্র অনুভূতির ছোঁয়া। 

চুড়ি পরা শেষ করে মাওয়া হাতটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল। তার চঞ্চলতা দেখে সিয়ামের মনটা এক অজানা আনন্দে ভরে উঠলো।

সিয়াম - বাহ্‌! পরী রাজকন্যাকে তো এখন পুরো ঢাকার সাধারণ মেয়ে মনে হচ্ছে। তবে এই চুড়ির শব্দ যেন রুমের বাইরে না যায়, তাহলে কিন্তু আম্মু চলে আসবে। এই নিন, দুপুরের খাবার নিয়ে এসেছি।

সিয়াম রান্নাঘর থেকে নিজের জন্য একটু বেশি করেই খাবার এনেছে। সে গরুর মাংসের তরকারি আর ভাত মাওয়ার সামনে দিল। মাওয়া খুব তৃপ্তি করে খাবার খেতে লাগল। ও এমন খাবার কোনোদিন খায়নি৷ সিয়াম পাশে বসে ওর খাওয়া দেখছিল। 

কিন্তু এই সুখের মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না। মাওয়া হঠাৎ খাওয়ার মাঝখানে হাত থামিয়ে দিল। তার হাতের নীল চুড়িগুলো আপনাআপনি কাঁপতে লাগল। মাওয়ার মুখের মায়াবী ভাবটা নিমিষেই উধাও হয়ে গেল।

সিয়াম - (উদ্বিগ্ন হয়ে) কী হলো মাওয়া? খাবার ভালো লাগেনি?

মাওয়া - (গম্ভীর গলায়) সিয়াম, আংটিটা একটু দেখো তো। ওটার ভেতর কেমন যেন একটা কম্পন হচ্ছে না?

সিয়াম নিজের হাতের আংটির দিকে তাকাল। আংটিটা অবিকল সাধারণ রুপালি দেখালেও ওটার ভেতর থেকে একটা মৃদু স্পন্দন সিয়াম নিজের ত্বকে অনুভব করতে পারছিল ঠিক যেমনটা মাওয়া বলেছে। 

মাওয়া - (খাবার সরিয়ে রেখে ফিসফিস করে) উজিরের কালো ছায়ারা কাল রাতে ব্যর্থ হওয়ার পর এখন সরাসরি আক্রমণ করছে না। উজির অন্য কোনো চাল চালছে। সে মানুষের মধ্যে কাউকে ব্যবহার করার চেষ্টা করছে। আংটির এই স্পন্দনের মানে হলো, এই বাড়ির আসেপাশে বা আপনার পরিচিত কোনো মানুষের ওপর উজিরের কালো জাদুর প্রভাব পড়েছে। সে কাউকে আমাদের খোঁজে পাঠাচ্ছে।

সিয়াম - (চমকে উঠে) বলো কী মাওয়া! আমার পরিচিত কেউ? আমার আম্মু-আব্বু বা বোন সেঁজুতি নয় তো?

মাওয়া - (মাথা নেড়ে) না, তাদের ওপর হলে আমি আগেই বুঝতে পারতাম। এটা বাইরের কোনো মানুষ। যার সাথে আপনার আজকেই দেখা হয়েছে। উজির তার চেতনাকে আংশিক নিয়ন্ত্রণ করছে আংটির খোঁজে।

সিয়ামের সাথে সাথে সকালের কথা মনে পড়ে গেল। ভার্সিটির গেটে ঢোকার সময় নিলয় ওর কাঁধে হাত দিয়েছিল। তখনই নিলয় বলেছিল সিয়ামের গা থেকে অদ্ভুত সুবাস আসছে। তাছাড়া নিলয়ের চোখ দুটো কেমন যেন একটু অন্যরকম লাগছিল না? 

সিয়ামের পিঠ বেয়ে একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল। জাদুকর উজির কি তাহলে ওর বন্ধু নিলয়ের মাধ্যমেই এই বাড়িতে পৌঁছানোর রাস্তা খুঁজছে?

ঠিক তখনই সিয়ামের ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নিলয়ের নাম। ফোনটা ভাইব্রেট করতেই মাওয়া চমকে সিয়ামের আরও কাছে ঘেঁষে দাঁড়াল। সিয়াম ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে নিলয়ের কিছুটা অদ্ভুত যান্ত্রিক গলা ভেসে এলো।

নিলয় - (ফোনের ওপাশ থেকে) কীরে সিয়াম? তুই তখন বাড়িতে খুব জরুরি কাজ বললি না? তাই আমি তোর বাড়ির গলির মোড়েই দেখা করতে চলে এলাম দোস্ত। একটা নোট নিতে আসলাম। তুই কি একটু নিচে আসবি, নাকি আমি সোজা তোর ওপরের রুমে চলে আসব?

Pori Rajkonnar Sathe Biye, Fantasy Bangla Golpo

নিলয়ের এমন কথা শুনে সিয়ামের গায়ের লোম খাড়া হয়ে গেল। নিলয় কোনোদিন না বলে সিয়ামের বাড়িতে আসে না। আর আজ ও সরাসরি রুমে আসতে চাইছে? ওর গলার আওয়াজটা এমন শোনাচ্ছে কেন?

রহস্য যেন আরও ঘনীভূত হয়ে ঘরের ভেতর জমাট বাঁধতে শুরু করলো। সিয়াম মাওয়ার দিকে তাকাল মাওয়া ইশারায় ওকে শান্ত থাকতে বলল। সামনে আরও ভয়ংকর কিছু হতে চলেছে।

(চলবে,....??)

পরী রাজকন্যার সাথে বিয়ে - পর্ব ৩ পড়ুন

পর্ব ৫ পড়ুন

🥀লেখক - Antor Islam Shaon

Post a Comment

0 Comments