জানালার ওপাশে জমে থাকা কালো ধোঁয়াটা ক্রমেই ঘন হতে লাগল। তীব্র নীল আলোয় জ্বলতে থাকা সিয়ামের আংটিটা ওর পুরো হাতকে অবশ করে দিচ্ছিল। মাওয়া ভয়ে সিয়ামের পেছনে এসে লুকাল। ঠিক তখনই জানালার কাঁচটা ভেঙে পড়ার মতো শব্দ হলো।
কিন্তু কাঁচ ভাঙল না, বরং সেই কালো ধোঁয়া গ্রিলের ভেতর দিয়ে সাপের মতো ঘরের ভেতরে ঢুকে পড়তে লাগল। ঘরটা তখন এতটাই ঠাণ্ডা হয়ে গেল যে সিয়ামের মুখ দিয়ে ধোঁয়ার মতো শ্বাস বের হচ্ছে।
মাওয়া - (ভয়ে কাঁপতে কাঁপতে) সিয়াম! ওটা জাদুকর উজিরের পাঠানো রক্তচক্ষু জিন! ও আমাদের মারতে এসেছে। তুমি আংটির ক্ষমতা ব্যবহার করো সিয়াম! মনে মনে শুধু সুরক্ষার কথা চিন্তা করো!
সিয়ামের মাথায় তখন কোনো লজিক কাজ করছে না। জীবনের প্রথম এমন অদ্ভুত বিপদের সামনে দাঁড়িয়েছে সে। কালো ধোঁয়াটা ঘরের মাঝখানে এসে একটা কুৎসিত, দীর্ঘকায় অবয়ব ধারণ করল। তার চোখ দুটো কয়লার মতো জ্বলছে আর মুখ থেকে এক অদ্ভুত পচা গন্ধ বের হচ্ছে। ছায়াটা হাত বাড়িয়ে সিয়ামের দিকে এগোতেই সিয়াম আর স্থির থাকতে পারল না। সে নিজের ডান হাতটা সোজা সেই ছায়ার দিকে বাড়িয়ে দিল এবং মনে মনে বলল, "আল্লাহ, এই বিপদ থেকে বাঁচাও!"
আচমকা সিয়ামের আঙুলে নূরের আংটি থেকে তীব্র নীল রঙের একটা আলোর চাবুক বের হয়ে সোজা ছায়াটার বুকে গিয়ে আঘাত করল।
ঘরের ভেতর এক বিকট হিসহিস শব্দ হলো। আলোর চাবুকের আঘাতে কালো ছায়াটা ছিটকে জানালার দিকে চলে গেল। কিন্তু সে দমে গেল না, আবার গর্জন করে সিয়ামের দিকে তেরে এল। এদিকে সিয়াম নিজের শক্তি দেখে নিজেই অবাক হচ্ছিল।
সিয়াম - ওরে বাবা! আমি তো সত্যি সত্যি সুপারহিরো হয়ে গেছি! মাশাআল্লাহ! মাওয়া ম্যাডাম, এবার এই জিন ব্যাটাকে বাউন্ডারি পার করে দিচ্ছি দেখেন!
সিয়াম এবার ডান হাত মুষ্টিবদ্ধ করে বাতাসে একটা ঘুষি মারল। আংটি থেকে এবার একটা নীল রঙের আলোর ঢাল তৈরি হয়ে সেই কালো জিনটাকে ঘরের দেয়ালের সাথে আছাড় মারল। মাওয়া এই সুযোগে সিয়ামের হাত ধরে নিজের চোখ বন্ধ করে ফিসফিস করে মন্ত্র পড়তে শুরু করল। সাথে সাথে সিয়ামের আংটির আলো আরও তীব্র হয়ে সেই কালো ছায়াকে চারদিক থেকে ঘিরে ফেলতে লাগল। জাদুকরী আলোর তাপে কুৎসিত জিনটা আর টিকতে পারল না। এক বিকট আর্তনাদ করে সে উধাও হয়ে গেল।
কালো ছায়াটা চলে যেতেই ঘরের তাপমাত্রা আবার স্বাভাবিক হয়ে এল। ফ্যানটা যে ফুল স্পিডে চলছিল, এতক্ষণে সিয়াম সেটা খেয়াল করলো। আংটির আলোটাও আস্তে আস্তে নিভে গিয়ে আবার সাধারণ রুপালি রঙ ধারণ করল। ও ধপ করে বিছানায় বসে পড়ল। তার কপাল বেয়ে ঘাম ঝরছে।
মাওয়া - (সিয়ামের সামনে বসে কৃতজ্ঞ চোখে) আপনি পেরেছেন সিয়াম! প্রথমবার আংটি ব্যবহার করেই আপনি উজিরের জিনকে তাড়িয়ে দিয়েছেন। আপনি সত্যিই খুব সাহসী মানুষ।
সিয়াম - (লম্বা শ্বাস নিয়ে) সাহসী মানে? ঢাকাইয়া পোলারা কখনো ভয় পায় না ম্যাডাম! তবে সত্যি বলতে, আমার হার্টবিট এখন রকেট না একদম স্পেসশিপের গতিতে চলছে। আচ্ছা, ওরা কি আবার আসবে?
মাওয়া - (চিন্তিত মুখে) হ্যাঁ! উজিরের পাঠানো প্রথম দল ছিল এটা। ওরা ব্যর্থ হয়েছে শুনে উজির হয়তো আরও শক্তিশালী কাউকে পাঠাবে। তবে আংটি যেহেতু আপনাকে চিনে নিয়েছে, তাই আপনি আস্তে আস্তে এর আরও ক্ষমতা ব্যবহার করতে পারবেন। কিন্তু এখন আমাদের খুব সাবধানে থাকতে হবে। নাহলে যেকোনো সময় জাদুকর আমাদের বন্দী করে ফেলবে।
সিয়াম - হুম, সাবধানে তো থাকতেই হবে। তবে তার আগে আপনাকে আমার এই রুমে থাকার পারফেক্ট ব্যবস্থা করতে হবে। দিনের বেলা কিন্তু আপনি একদম এই রুম থেকে বের হতে পারবেন না।
মাওয়া মুখ ফুলিয়ে মাথা নাড়ল। সিয়াম তার আলমারি থেকে একটা চাদর আর বালিশ বের করে মেঝেতে সুন্দর করে বিছানা পেরে নিল। মাওয়াকে বিছানায় শুতে বলে সে লাইট বন্ধ করে নিচে শুয়ে পড়ল। রাতের এই থমথমে মুহুর্তের পর দুজনের চোখেই ঘুম জড়িয়ে এলো।
---
পরদিন সকালে। ঢাকার চেনা ব্যস্ত জীবন শুরু হয়ে গেছে। রাস্তায় রিকশার টুংটাং শব্দ আর বাসের হর্নের আওয়াজে সিয়ামের ঘুম ভাঙল। সে চোখ মেলেই ধড়ফড় করে উঠে বসল। বিছানার দিকে তাকিয়ে দেখল, মাওয়া এখনো গুটিসুটি মেরে পরম শান্তিতে ঘুমাচ্ছে।
সকালের আলো মাওয়ারর ফর্সা মুখের ওপর এসে পড়ছে। তাকে যেন আরও বেশি মায়াবী লাগছে। ডানা ছাড়া ওকে একদম সাধারণ মানুষের মতোই দেখাচ্ছে। সিয়াম আলতো করে হেসে রুমের দরজা খুলে হাত-মুখ ধুতে গেল।
আম্মু সকালের নাস্তায় আজ গরম গরম পরোটা আর ডিম ভাজি রান্না করেছে। সেগুলো খেয়েই সিয়াম দ্রুত নিজের ব্যাগটা গুছিয়ে নিল। আজকে তার ডিপার্টমেন্টের জরুরি ক্লাস আছে। বন্ধুদের সাথেও দেখা করতে হবে। যাওয়ার আগে সে রুমে ঢুকে মাওয়াকে ডেকে তুলল।
সিয়াম - এইযে মাওয়া ম্যাডাম, শুনছেন? আমি এখন ভার্সিটিতে যাচ্ছি। দুপুরের দিকে ফিরব। টেবিলে আপনার জন্য দুটো পরোটা আর ডিম ভাজি এনে রেখেছি। খিদে লাগলে খাবেন। আর হ্যাঁ, ভুলেও কিন্তু ঘরের দরজা খুলবেন না। আমার আম্মু বা বোন যেন ভেতরে কোনো সাড়াশব্দ শুনতে না পায়। মনে থাকবে?
মাওয়া - (চোখ ডলতে ডলতে) পরোটা কী জিনিস সিয়াম? আচ্ছা ঠিক আছে, আমি দরজা খুলব না। আপনি তাড়াতাড়ি ফিরবেন কিন্তু। মানুষের জগতে আপনি ছাড়া আমার চেনা কেউ নেই।
মাওয়ার শেষের কথাটা সিয়ামের বুকের ভেতর কেমন যেন একটা মধুর অনুভূতি তৈরি করল। সে মুচকি হেসে রুমটা বাইরে থেকে তালা মেরে ভার্সিটির দিকে রওনা দিল।
ঢাকার নীলক্ষেত মোড়ের জ্যাম পার হয়ে সিয়াম যখন কলেজের গেটে পৌঁছাল, তখন তার তিন বন্ধু রাফসান, নিলয় আর আবিদ চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। সিয়ামকে দেখেই রাফসান চেঁচিয়ে উঠল।
রাফসান - কীরে সিয়াম? আজকে এত লেট কেন? তাছাড়া তোর মুখটাও কেমন শুকনো শুকনো লাগছে!
নিলয় - (সিয়ামের কাঁধে হাত দিয়ে সন্দেহী চোখে) শুধু মুখ শুকনো না রে রাফসান, ভালো করে খেয়াল কর। সিয়ামের গা থেকে এমন একটা পারফিউমের সুঘ্রাণ আসছে যা আমি জীবনে কোনো ব্র্যান্ডে পাইনি। কীরে দোস্ত? কাহিনী কী? কোনো মেয়ের চক্করে পড়েছিস নাকি?
সিয়াম মনে মনে চমকে উঠল। মাওয়ার শরীরের সেই মিষ্টি সুবাস এখনো তার শার্টে লেগে আছে! সে নিজেকে সামলে নিয়ে চঞ্চল ভঙ্গিতে হেসে উঠল।
সিয়াম - ধুর ব্যাটা! কী যে বলিস না! কাল রাতে ঠিকমতো ঘুম হয়নি, এসাইনমেন্টের চাপ ছিল। আর পারফিউমের কথা বলছিস? আম্মু সেদিম একটা নতুন বডি স্প্রে এনেছিল, ওটাই মেখেছি। তোদের যতসব ফালতু চিন্তা!
আবিদ - (চায়ে চুমুক দিয়ে) তা তো বলবিই। আচ্ছা ভালো কথা, আজ বিকেলে আমরা সবাই ধানমণ্ডি লেকে যাব। তুই কিন্তু কোনো বাহানা দিতে পারবি না। অনেকদিন একসাথে আড্ডা দেওয়া হয় না।
সিয়াম - (আমতা আমতা করে) আজ বিকেলে একটু সমস্যা আছে রে দোস্ত। একটু জরুরি কাজ আছে বাড়িতে, অন্য একদিন যাব।
রাফসান - (চোখ টিপে) দেখছিস নিলয়? ডাল মে কুছ কালা হ্যায়! সিয়াম আমাদের আড্ডা মিস করছে মানে অবশ্যই কোনো বিশাল রহস্য আছে। দোস্ত, আমাদের কাছে কিন্তু কিছু লুকাবি না!
সিয়াম হেসে বন্ধুদের কথা উড়িয়ে দিল। সে বন্ধুদের সাথে ক্লাসে ঢুকল ঠিকই, কিন্তু তার মনটা পড়ে রইল ঘরের সেই চার দেয়ালের ভেতরে। যেখানে একটা মিষ্টি পরী রাজকন্যা তার ফেরার অপেক্ষা করছে।
সিয়াম ভাবছিল বন্ধুদের যদি কোনোদিন সে মাওয়ার কথা বলে, তবে ওরা হয়তো তাকে সরাসরি পাবনার পাগলা গারদে পাঠিয়ে দেবে! সিয়াম বুঝতে পারছে, বন্ধুদের এই কৌতূহল এবং মাওয়াকে মানুষের সমাজ থেকে লুকিয়ে রাখার এই যুদ্ধটা সিয়ামের জন্য মোটেও সহজ হবে না।
(চলবে??)



0 Comments