পরী রাজকন্যার সাথে বিয়ে (পর্ব ২) — প্রথম ভালোলাগার মুহুর্ত - Valobasar golpo

গলির অন্ধকার পথগুলো পেরিয়ে সিয়াম যখন মাওয়াকে নিয়ে নিজের বাড়ির সামনে এসে দাঁড়াল, তখন ঘড়িতে সন্ধ্যা সাড়ে সাতটা। এই সময়টায় সিয়ামের আম্মু সাধারণত রান্নাঘরে রাতের খাবার রান্না করেন আর ছোট বোন সেঁজুতি নিজের রুমে পড়তে বসে। 

আব্বু এখনো অফিস থেকে ফেরেননি, ফিরতে ফিরতে রাত নয়টা বাজবে। সিয়ামের জন্য এটাই বড় সুযোগ। মাওয়াকে এক হাত দিয়ে আগলে রেখে সিয়াম পকেট থেকে চাবি বের করে খুব সাবধানে সদর দরজাটা খুলল।

সিয়ামদের বাড়িটা দোতলা। ওপরের তলার একটা কোণায় সিয়ামের রুম। রুমের সাথে একটা ছোট বারান্দা আছে। মাওয়াকে প্রায় পাঁজকোলা করে তুলে সিয়াম পা টিপে টিপে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। 

মাওয়ার শরীর থেকে বের হওয়া সেই মিষ্টি সুবাসটা সিয়ামের নাসারন্ধ্রে এসে ধাক্কা দিচ্ছিল। সিয়ামের বুকের ভেতর তখন রীতিমতো ধরফর করছে। একদিকে ধরা পড়ার ভয়, আর অন্যদিকে এতো কাছে তার সুন্দরী পরী রাজকন্যা!

রুমে ঢুকে সিয়াম আলতো করে দরজাটা লক করে দিল। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে মাওয়াকে বিছানায় বসিয়ে দিল। মাওয়া বিছানার নরম তোশকে বসামাত্রই চারপাশটা কৌতূহলী চোখে দেখতে লাগল।

মাওয়া - (বিছানার চাদরে হাত বুলিয়ে, ফিসফিস করে) বাহ্‌! আপনাদের মানুষের জগতের বিছানাগুলো তো বেশ নরম! তবে আমাদের পরী রাজ্যের মতো এখানে বাতাসে ফুলের পাপড়ি ভেসে বেড়ায় না কেন? আর দেয়ালের ওটা কী ঝুলছে? 

Pori Rajkonnar Sathe Biye, Love Story Bangla

সিয়াম - (একটু হেসে ফিসফিস করে) রাজকন্যা ম্যাডাম, একটু আস্তে কথা বলুন। ওটা দেয়াল ঘড়ি, টিকটিক করে। এটা দিয়ে আমরা সময় দেখি। আর ফুলের পাপড়ি বাতাসে ভাসলে তো আম্মু ঝাড়ু নিয়ে এসে প্রথমে ঘর পরিষ্কার করবে, তারপর আমাকে পরিষ্কার করবে! আপনি দয়া করে চুপচাপ এই কোণায় বসে থাকুন। 

মাওয়া - (মুখ ফুলিয়ে, একটু অহংকার নিয়ে) আমি পরী রাজ্যের রাজকন্যা জান্নাতুল মাওয়া। আমাকে এভাবে ধমক দেবেন না সিয়াম সাহেব! আপনার আম্মুকে আমি ভয় পাই না।

সিয়াম - (হেসে ফেলে) হ্যাঁ, আপনি তো শুধু জাদুকর উজিরকে ভয় পান। কিন্তু ঢাকার মায়েদের হাতের ঝাড়ুর বাড়ি যে কত ভয়ংকর, তা তো আপনি জানেন না। তাই এমন ডায়লগ দিচ্ছেন। বসুন, আপনার পায়ে যে চোট লেগেছে ওটা একটু দেখি।

কথাটা বলেই সিয়াম মাওয়ার পায়ের দিকে তাকাল। সেখানে সামান্য একটু কালচে দাগ হয়ে আছে। ডানা অদৃশ্য করার পর থেকেই সম্ভবত পরীদের ভেতরের জাদুকরী শক্তি নিজে নিজেই শরীর নিরাময় করা শুরু করেছে। সিয়াম হাত বাড়িয়ে মাওয়ার পায়ের ক্ষতটা একটু ছুঁয়ে দেখতে চাইল।

মাওয়া - (দ্রুত পা টেনে নিয়ে, চোখ বড় বড় করে) উঁহু! একদম ছোঁবেন না! আমাদের পরী রাজ্যে কোনো অপরিচিত পুরুষকে এভাবে শরীর স্পর্শ করতে দেওয়া নিষেধ। আপনি বড়ই নির্লজ্জ মানুষ তো!

সিয়াম - (কান লাল করে, আমতা আমতা করে) আরে! আমি কি ইচ্ছে করে ছুঁয়েছি? আমি তো জখমটা দেখছিলাম। আর নির্লজ্জ বলছেন কেন? নদীর পারে যখন পড়েছিলেন, তখন তো আমার কাঁধেই হেলান দিয়ে এসেছিলেন। তখন মনে ছিল না পরীদের নিয়ম?

সিয়ামের এই পাল্টা জবাবে মাওয়া দমে গেল। সে লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। কিন্তু তার ফর্সা গাল দুটো যে লাল হয়ে উঠেছে, তা সিয়ামের চোখ এড়াল না। সিয়াম মনে মনে হাসল। পরী হলেও মেয়েদের অভিমান আর লজ্জা পাওয়ার ধরনটা কিন্তু বেশ মিষ্টি!

ঠিক তখনই নিচ থেকে সিয়ামের আম্মুর গলার আওয়াজ ভেসে এল, "সিয়াম! ও সিয়াম! তুই ওপরে গেলি কখন? হাত-মুখ ধুয়ে নিচে আয়, তোর জন্য মুরগির মাংস দিয়ে নুডলস রান্না করে রেখেছি। গরম গরম খেয়ে যা!"

আম্মুর গলা শুনে মাওয়া চমকে উঠে সিয়ামের হাত শক্ত করে ধরে ফেলল। তার চোখ দুটো ভয়ে কাঁপছে।

মাওয়া - (ভয়ার্ত গলায়) সিয়াম... ওই নারী কে? তার গলার আওয়াজ তো বেশ চড়া! উনি কি উজিরের পাঠানো কোনো জাদুকরী?

সিয়াম - (হাসি চেপে) আরে না! উনি আমার আম্মু রেহানা বেগম। উনি যখন রেগে যান তখন এসব জাদুকর টাদুকরের খাওয়া নাই। আপনি এখানে বসুন। একদম নড়াচড়া করবেন না। আমি নিচে গিয়ে নুডলসটা খেয়ে আম্মুকে শান্ত করে আসছি। দরজা ভেতর থেকে লক করা থাকবে। কেউ ডাকলে সাড়া দেবেন না।

এরপর সিয়াম দ্রুত রুম থেকে বের হয়ে দরজা টেনে নিচে নেমে গেল। ডাইনিং টেবিলে বসে নুডলস খাওয়ার সময় সিয়ামের মনটা ওত রুমের ভেতরেই পড়ে রইল। সে বারবার নিজের ডান হাতের অনামিকা আঙুলের দিকে তাকাচ্ছিল। আংটিটা এখন একদম সাধারণ একটা রুপালি আংটির মতো দেখাচ্ছে। কোনো আলো বের হচ্ছে না। কিন্তু সিয়াম বুঝতে পারছিল, তার শরীরের ভেতর একটা অন্যরকম শক্তির প্রবাহ বয়ে চলেছে।

সিয়ামের আম্মু - (টেবিলেপানির গ্লাস রেখে) কী রে সিয়াম? এভাবে আঙুলের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? আর তোর শরীর থেকে এত সুন্দর সুবাস আসছে কেন রে? কোনো সেন্ট মেখেছিস?

Pori Rajkonnar Sathe Biye, Romantic Love Story

সিয়াম - (চমকে উঠে নুডলস গলায় আটকে যাওয়ার মতো অবস্থা হলো) ক... কই না তো আম্মু! সেন্ট মাখব কেন? এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, ও হয়তো কোনো পারফিউম লাগিয়ে এসেছিল। আমি তারাতারি খেয়ে ওপরে যাচ্ছি আম্মু। আজ একটু পড়াশোনার চাপ আছে।

সিয়াম দ্রুত খাওয়া শেষ করে ওপরে চলে এল। রুমে ঢুকে দরজা লক করতেই সে দেখল, মাওয়া তার পড়ার টেবিলের সামনে দাঁড়িয়ে অনার্সের ইংরেজি বইগুলো উল্টেপাল্টে দেখছে। 

সিয়াম - কী ব্যাপার ম্যাডাম? মানুষের দুনিয়ায় এসে পড়ালেখার খুব শখ হলো নাকি? এগুলো অনার্সের বই, আপনার মাথার ওপর দিয়ে যাবে।

মাওয়া - (বইটা ধপ করে টেবিলে রেখে, সিয়ামের দিকে এগিয়ে এসে) আমার সব মাথায় ঢোকে বুঝেছেন? কিন্তু সিয়াম, আমার খুব অদ্ভুত লাগছে। এই আংটিটা আপনার আঙুলে যাওয়ার পর থেকে আমার জাদুর একটা বড় অংশ আপনার শরীরের সাথে মিশে গেছে। আমি অনুভব করতে পারছি, আপনার হৃদস্পন্দন কেমন চলছে।

সিয়াম - (একটু দুষ্টুমি করে মাওয়ার খুব কাছে এসে দাঁড়াল) তাই নাকি? তাহলে বলুন তো, এখন আমার হৃদস্পন্দন কেমন চলছে? ধীরে নাকি খুব দ্রুত?

মাওয়া সিয়ামকে এত কাছে আসতে দেখে একটু পিছিয়ে গেল। তার বুকটা ধক করে উঠল। মানুষের এত কাছাকাছি আসা তার জীবনে প্রথম। সে আমতা আমতা করে বলল—

মাওয়া - আ. আপনার হৃদস্পন্দন খুব দ্রুত চলছে। কেন বলুন তো? মানুষের কি ভয় লাগলে এমন হয়?

সিয়াম - (মুচকি হেসে) সব সময় ভয়ের কারণে হয় না রাজকন্যা। কখনো কখনো সামনে কোনো সুন্দরী পরী থাকলে মানুষের হার্টবিট এমন রকেটের গতিতে চলে।🥰

মাওয়া সিয়ামের কথার অর্থ বুঝতে পেরে আরও বেশি লজ্জা পেয়ে গেল। সে রাগ দেখানোর ভান করে বলল, "ফাজিল মানুষ একটা! আমি পরী রাজ্যের রাজকন্যা, আমাকে নিয়ে মশকরা করা হচ্ছে?"

সিয়াম হাসতে লাগল। কিন্তু তাদের এই দুষ্টু-মিষ্টি মুহূর্তটা বেশি সময় স্থায়ী হলো না। হঠাৎ করেই ঘরের ভেতরের তাপমাত্রা হু হু করে কমতে লাগল। এখনও বেশ গরম। রুমে ফ্যান ফুল স্পিডে চলছিল। কিন্তু হঠাৎ ই ঘরটা যেন বরফের মতো ঠাণ্ডা হয়ে গেল। আকাশটা হঠাৎ করেই মেঘে ঢেকে গেল, আর চারপাশটা কুচকুচে কালো অন্ধকারে ডুবে গেল।

মাওয়া আচমকা শিউরে উঠে সিয়ামের শার্টের হাতা খপ করে চেপে ধরল। বিপদ খুব কাছে বুঝতে পেরে তার মুখের হাসিখুশি মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে।

Pori Rajkonnar Sathe Biye, Fantasy Premer Golpo

মাওয়া - (ভয়ে কেঁপে উঠে ফিসফিস করে) সিয়াম... ওরা এসে গেছে। উজিরের পাঠানো শয়তান জিন আর কালো ছায়ারা আংটির খবর পেয়ে গেছে। ওরা এখন তোমাদের বাড়ির ছাদের ওপর এসেছে!

সিয়াম জানালার দিকে তাকাল। দেখল জানালার কাঁচের ওপাশে কুয়াশার মতো কালো একটা ধোঁয়া জমে উঠছে। আর সেই ধোঁয়ার ভেতর থেকে দুটো জ্বলজ্বলে লাল চোখ সরাসরি সিয়ামের দিকে তাকিয়ে আছে! সিয়ামের আঙুলের আংটিটা আচমকা তীব্র নীল আলোয় জ্বলে উঠল। 

(চলবে??)

🥀লেখক - Antor Islam Shaon

গল্পটির পর্ব ১ : পড়তে ক্লিক করুন

পরী রাজকন্যার সাথে বিয়ে পর্ব ৩ : পড়তে ক্লিক করুন

Post a Comment

0 Comments