তার ছেড়া গার্লফ্রেন্ড (পর্ব ৪ ) — ফারুককে মাওয়ার উপহার - Bangla romantic golpo

মাগরিবের নামাজ শেষ করেই ফারুক কথামতো মাওয়াদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। রিকশায় বসে ও বারবার নিজের পাঞ্জাবির হাতাটা ঠিক করছিল। ক্যাম্পাসের সেই ঝুম বৃষ্টির পর শরীরটা কেমন যেন একটু হালকা লাগছে। আর মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে।

রিকশা থেকে নেমে মাওয়াদের বাসার কলিংবেল বাজাতেই মাওয়ার আম্মু দরজা খুলে দিলেন। ফারুককে দেখেই ওনার মুখে হাসি ফুটে উঠল।

মাওয়ার আম্মু - আরে ফারুক বাবা! এসো এসো, ভেতরে এসো। মাওয়া তো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। শুনলাম দুপুরে নাকি খুব বৃষ্টি হয়েছে তোমাদের ক্যাম্পাসে? 

ফারুক - আসসালামু আলাইকুম আন্টি। জ্বী দুপুরে রোদের মধ্যে হঠাৎ করেই বৃষ্টি হলো।

আন্টি - ওয়ালাইকুম আসসালাম। বাবা ভেতরে এসে বসো। তোমার আংকেল বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছেন। মাওয়া বলছিল ও আজকে তোমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে।

ফারুক মৃদু হেসে ভেতরে ঢুকে সোফায় এসে বসল। ও বসতেই মাওয়ার ছোট ভাই ফাহিম এক গ্লাস ঠাণ্ডা লেবুর শরবত নিয়ে এলো। মাওয়ার আম্মু লেবুর শরবত আনতে রান্নাঘরে যাওয়ার পর ফারুক আড়চোখে মাওয়ার ঘরের দিকে তাকাল। 

তখনই পর্দা সড়িয়ে বের হয়ে এলো মাওয়া। ওর পরনে এখন হাল্কা গোলাপি রঙের থ্রি-পিস, চুলগুলো সুন্দর করে খোঁপা করা। ক্যাম্পাসের সেই চঞ্চল তার ছেঁড়া মেয়েটার সাথে এই রূপের যেন কোনো মিলই নেই। ফারুক অপলক চোখে মাওয়ার দিকে তাকিয়ে আছে। গোলাপি ড্রেসে ওকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। 

তার ছেড়া গার্লফ্রেন্ড রোমান্টিক গল্প

মাওয়া ফারুকের সামনে এসে সোজা হয়ে দাঁড়াল। ওর মুখে এক চিলতে দুষ্টুমির হাসি। ও নিচু স্বরে বলল,

মাওয়া - কী ব্যাপার মি. রোদ? ওভাবে কি দেখছেন শুনি? চোখ সড়াও আম্মু কিন্তু এখনই খাবার নিয়ে চলে আসবে। 

ফারুক একটু গলা ঝেড়ে বলল,

ফারুক - না মানে, ভাবছি তুমি আবার কোনো জাদু করে রূপ বদলে ফেললে নাকি! বাসায় তো তোমাকে একদম ভদ্র মেয়ের মতো লাগছে।

মাওয়া মুখ বাঁকিয়ে বলল,

মাওয়া - আমি তো সবসময়ই ভদ্র মেয়ে। তুমিই তো শুধু শুধু আমাকে পেত্নী বলে রাগিয়ে দাও। আজ কিন্তু টেবিলে সবার সামনে আমার প্রশংসা করতে হবে. মনে আছে তো?

মাওয়ার কথা শেষ না হতেই মাওয়ার আম্মু আর ফাহিম ডাইনিংএ বিরিয়ানি এনে রাখলেন। মাওয়ার আম্মু ফারুকের প্লেটে বড় বড় মাংসের টুকরো গুলো বেছে বেছে তুলে দিতে লাগলেন।

মাওয়ার আম্মু - নাও বাবা, পেট ভরে খাও বাবা। মাওয়া তো সারাদিন শুধু তোমার কথাই বলে। শুনলাম ও নাকি ক্যাম্পাসে খুব দুষ্টুমি করে? পড়াশোনা ঠিকমতো করে তো?

ফারুক বিরিয়ানির প্রথম লোকমা মুখে দিতেই স্বাদে মনটা ভরে গেল। মাওয়া যে এতো ভালো রান্না করতে পারে সেটা ও জানতো না।

ফারুক - আন্টি, বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। আর মাওয়ার কথা বলছেন? ক্যাম্পাসের সবাই ওকে একটু অন্যরকম ভাবলেও, ও কিন্তু ভীষণ দায়িত্ববান আর ভালো একটা মেয়ে। মন দিয়ে লেখাপড়া করে। তবে একটু দুষ্টু আরকি।

সবার সামনে ফারুকের মুখে প্রশংসা আর দুষ্টু বলে খোচা দেওয়া দেখে মাওয়া আড়চোখে একবার ওর দিকে তাকাল। এর শোধ ও পরে নিবে। কিন্তু ফারুক ওর প্রশংসাও করেছে। তাই সে খুশিতে একদম লাল হয়ে গেল। 

মাওয়া টেবিলের নিচ দিয়ে ফারুকের পায়ে পা দিয়ে আলতো করে চাপ দিল। ফারুক চমকে উঠে মাওয়ার দিকে তাকাতেই মাওয়া চোখ টিপে মিষ্টি একটা হাসি দিল।

খাওয়াদাওয়া শেষে মাওয়ার আম্মু যখন রান্নাঘরে গোছগাছ করতে গেলেন তখন মাওয়া ফারুককে নিয়ে বাসার ছোট ছাদটায় এলো। রাতের আকাশটা আজ বেশ পরিষ্কার। হালকা ঠাণ্ডা হাওয়া বইছে।

ফারুক ছাদে গিয়ে দাঁড়াতেই মাওয়া পেছন থেকে এসে ওর পিঠে আলতো ধাক্কা দিল। 

মাওয়া - বাহ! তুমি তো বড়দের সামনে খুব সুন্দর করে বানিয়ে বানিয়ে কথা বলা শিখেছ! আমি তো ভেবেছিলাম তুমি বুঝি সবার সামনেই বলে দেবে আমি ক্যাম্পাসে জাদু করি। আর সবাই আমাকে পাগল বলে খেপায়। এসব শুনলে তো আম্মু আমার জাদুর উপর নিষেধাজ্ঞা দিয়ে দিত।

ফারুক ঘুরে দাঁড়িয়ে মাওয়াকে নিজের কাছে টেনে নিল। চাঁদের আলোয় ওর মুখটা আজ খুব মায়াবী লাগছিল। ফারুক একটু ঝুঁকে মাওয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল,

ফারুক - বড়দের সামনে কি আর সেসব গোপন কথা বলা যায় পাগলী? তুমি যে আমার দুষ্টু রাজকন্যা সেটা শুধু আমাদের মধ্যে গোপন থাকুক। 

মাওয়া ফারুকের এত কাছাকাছি থাকায় ওর গভীর চোখের চাহনি দেখে কিছুটা কেপে উঠল। ওর চঞ্চলতা যেন নিমেষেই উধাও হয়ে গেল। ও লজ্জায় চোখ বন্ধ করে ফারুকের বুকে মাথা রাখল। ফারুক আলতো করে মাওয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছে। কিছুক্ষণ পর মাওয়া ফারুকের কপালে আলতো করে ঠোঁট ছুইয়ে দিল।

মাওয়া - এটা আমার বাজি জেতার খুশিতে আমার ভালোবাসার জন্য স্পেশাল উপহার।

ফারুক মুগ্ধ হয়ে মাওয়ার দিকে তাকিয়ে রইল। ও মাওয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর দুই গালে চুমু একে দিল। ঠিক তখনি মাওয়া হাত বাড়িয়ে একটা ছোট গয়নার বক্স নিয়ে এলো। ফারুক প্রথম বার আসল জাদু দেখে হা হয়ে গেল।

ফারুক - এটা কী মাওয়া?

মাওয়া মুচকি হেসে বলল,

মাওয়া - এটা একটা বিশেষ আংটি। এই আংটিটা সবসময় তোমার সাথে রাখবে। যখনই কোনো বিপদ আসবে, এটা তোমাকে আগলে রাখবে। হাতটা দাও তো, আমি নিজে হাতে তোমাকে পড়িয়ে দেই।

tar chera girlfriend love story, premer golpo

ফারুক মৃদু হেসে ওর ডান হাতটা বাড়িয়ে দিল। ও ভাবল মেয়েটার এই পাগলামি ভরা ভালোবাসাই ওর জীবনের সেরা সব ভালো লাগার মুহুর্ত এনে দেয়।

রাত দশটার দিকে ফারুক যখন নিজের বাসায় ফিরল, তখন দেখল ওর মা সোফায় বসে ফোনে কারো সাথে হাসিমুখে কথা বলছেন। ফারুককে ঢুকতে দেখে ওনার হাসির বেগ আরও বেড়ে গেল। আম্মু ফোনে বলল, "হ্যাঁ আপা, ফারুক তো মাত্রই বাসায় ফিরল। আচ্ছা তোমরা সাবধানে এসো। আল্লাহ হাফেজ।"

ফারুক হাত-মুখ ধুয়ে মায়ের পাশে এসে বসল। 

ফারুক - কী হয়েছে আম্মু? কার সাথে এত গল্প করছিলে? আর কে আসছে আমাদের বাসায়?

আম্মু - (হেসে) তোর মেঝ খালা ফোন করেছিল। বলল তোর খালা আর খালাতো বোন রাইসা শুক্রবারে আমাদের বাসায় বেড়াতে আসবে। ওরা এখানে এসে বেশকিছুদিন থাকবে। 

রাইসার আসার কথা শুনে ফারুকের হাসিখুশি মুখটা মুহুর্তেই কালো হয়ে গেল। এই মেয়েটা আসলেই ফালতু ঝামেলা করবে। ওর বড্ড গায়ে পড়া স্বভাব। বিভিন্ন বাহানায় ফারুকের কাছে ঘেষতে চাইবে। আর তখন মাওয়া কি করবে কে জানে।

Tar chera girlfriend premer golpo, bangla love story

আম্মু - কীরে ফারুক? তুই এমন চুপ হয়ে গেলি কেন বল তো? তুই আর রাইসা তো ছোটবেলায় একসাথে কত খেলতিস! একদম বেস্ট ফ্রেন্ড ছিলি। ও আসছে শুনে খুশি হোসনি তুই?

মায়ের কথা শুনে ফারুক একটু নড়েচড়ে উঠে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। ও যেন স্পষ্ট দেখতে পাচ্ছিল সামনে একটা বিশাল ঝড় ধেয়ে আসছে। রাইসা ছোটবেলা থেকেই ফারুককে অন্য চোখে দেখে। ও বন্ধুত্বের আড়ালে ফারুককে খুব পছন্দ করে। 

আর মাওয়া যদি একবার জানতে পারে যে রাইসা ফারুকের কাছে আসার চেষ্টা করছে, তাহলে জাদু দিয়ে হয়তো পুরো বাড়িটাই উড়িয়ে দিবে। কথাটা ভাবতেই ওর হাত পা ঠান্ডা হয়ে আসছিল।

ফারুক নিজের হাতে থাকা মাওয়ার দেওয়া আংটিটার দিকে তাকাল। ওর মনে হলো, সামনে ওর তার ছেড়া গার্লফ্রেন্ডটাকে সামলানো মোটেও সহজ হবে না। রাইসাকে দেখলে ওর মাথার তার এবার সত্যি সত্যি ছিড়ে যাবে।

চলবে.......

🥀লেখক : Antor Islam Shaon 

তার ছেড়া গার্লফ্রেন্ড ভালোবাসার গল্প আরও পড়ুন : 

- পর্ব ৩

- পর্ব ৫ 

Post a Comment

0 Comments