পাশের বাসার দুষ্টু মেয়ে (পর্ব ২ ) — জান্নাতকে দেখতে পাত্রপক্ষ আসছে - Valobasar Golpo

রাত আটটার দিকে শাওন নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিল। এমনিতে ও খুব সাধারণভাবেই চলাফেরা করে। আজ কেন জানি একটু বেশিই পরিপাটি হতে ইচ্ছে করছে। কিছুক্ষণ পর ওর আম্মু দরজার সামনে এসে দাঁড়ালেন। ওনার পরনে একটা সুন্দর শাড়ি।

আম্মু - কী রে শাওন, তোর রেডি হতে আর কতক্ষণ লাগবে? তোর আব্বু কখন থেকে রেডি হয়ে বসে আছে। পাশের বাসায় দাওয়াত এতো সেজেগুজে যাওয়ার কী আছে?

শাওন - (তাড়াহুড়ো করে ঘড়িটা হাতে পরতে পরতে) এইতো আম্মু আসছি।

শাওন আব্বু আম্মুর সাথে জান্নাতদের বাসার দিকে যেতে লাগলো। জান্নাতদের বাসার কাছে আসতেই ওর বুকটা কেমন যেন ধুকপুক করছে। শাওনের আম্মু কলিংবেল বাজাতেই রাফাত এসে দরজা খুলে দিল। জান্নাতের আব্বু আম্মু ড্রয়িং রুমে ওদের জন্যই অপেক্ষা করছিলেন।

জান্নাত একটা আকাশী রঙের থ্রি-পিস পরেছে, ওড়নাটা সুন্দর করে মাথার ওপর দেওয়া। সকালের সেই চঞ্চল মেয়েটাকে দেখতে বেশ মিষ্টি লাগছিল। শাওন আড়চোখে বার বার জান্নাতের দিকে তাকাচ্ছিল। তারপর দু'জনে চোখাচোখি হতেই ও চোখ ফিরিয়ে নিল।

pasher basar dustu meye, Bangla love story, Premer Golpo
জান্নাতের আব্বু - আরে ভাই, আসুন আসুন! ভেতরে এসে আসুন। ফাতেমা ভাবি, কেমন আছেন?

আব্বু - আলহামদুলিল্লাহ ভাই। আমরা ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন?

জান্নাতের আম্মু - আল্লাহর রহমতে আমরাও ভালো আছি ভাই। জান্নাত মা, আংকেল আন্টিকে সালাম দাও।

জান্নাত - আসসালামু আলাইকুম খালাম্মা, আসসালামু আলাইকুম খালুজান।

আম্মু - ওয়ালাইকুম আসসালাম মা। বেঁচে থাকো। মাশাআল্লাহ, মেয়েটা দিন দিন কত সুন্দর হয়ে যাচ্ছে!

সবাই সোফায় গিয়ে বসতেই জান্নাত একবার আড়চোখে শাওনের দিকে তাকাল। শাওন ওর চোখের দিকে তাকিয়ে একটু মুচকি হাসতেই জান্নাত চোখ রাঙাল। এরপর শাওন চুপচাপ ভালো ছেলের মতো আব্বুর পাশে গিয়ে বসল।

কিছুক্ষণ দুই পরিবার একসঙ্গে গল্প করার পর জান্নাতের আম্মু সবাইকে ডাইনিং টেবিলে আসতে বললেন। গরম ভাত, রুই মাছ ভুনা, ডাল, সালাদ আর জান্নাতের নিজের হাতে রান্না করা গরুর মাংসের সুবাস পুরো ঘরে ছড়িয়ে গেল।

জান্নাতের আব্বু - শাওন বাবা, বসো। আজ জান্নাত নিজের হাতে গরুর মাংস রান্না করেছে। শুনেছি তোমার গরুর মাংস খুব পছন্দ। লজ্জা করবে না, যতো পারো খাও।

শাওন - জ্বী আংকেল। 

জান্নাত সবার পাতে খাবার বেড়ে দিচ্ছিল। ও যখন গরুর মাংসের বাটিটা হাতে নিয়ে শাওনের কাছে এলো, তখন ওর মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। ও সবার অলক্ষ্যে শাওনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল,

পাশের বাসার দুষ্টু মেয়ে, Love story golpo, Family inage

জান্নাত - (ফিসফিসিয়ে) এই যে ম্যানেজার স্যার, মন ভরে খাও। যদি খেয়ে বলো ভালো হয়নি তাহলে কিন্তু রাফাতের খেলনা পিস্তল দিয়ে শীতের সকালে ঠান্ডা পানি ছুড়ে মারব!

শাওন চমকে উঠে জান্নাতের দিকে তাকাল। জান্নাত ততক্ষণে আবার সোজা হয়ে দাঁড়িয়ে খুব মিষ্টি করে ওর আব্বুর সাথে কথা বলতে লাগলো।

জান্নাত - আব্বু, শাওন ভাইয়াকে আরেকটু মাংস দেব? ও তো লজ্জায় কিছু নিচ্ছেই না।

জান্নাতের আব্বু - হ্যাঁ জান্নাত মা। শুনেছি শাওন তো বাসায় ভালোই খায়, এখানে এসে এত লজ্জা পাচ্ছে কেন বুঝলাম না। ওকে ভালো দেখে মাংসের পিছ দাও। নাহলে বাসায় গিয়ে বলবে আংকেলরা ভালো করে খাওয়ায় নি।

আংকেলের কথায় শাওন সবার সামনে লজ্জায় পড়ে গেল। তারপর বাধ্য ছেলের মতো খাওয়ায় মন দিল। সত্যি বলতে মাংসের স্বাদটা অসাধারণ হয়েছে। মশলার পরিমাণ, ঝাল—সব একদম পারফেক্ট। শাওন তৃপ্তি করে খাচ্ছিল। খাওয়া দাওয়া বেশ ভালো ভাবেই শেষ হলো। সবাই হাত ধুয়ে আবারও ড্রয়িং রুমে এসে বসল। জান্নাতের আম্মু শাওনের আব্বু আম্মুকে পান বানিয়ে দিলেন।

তখনই জামিল সাহেব এমন এক প্রসঙ্গ তুললেন যা ঘরের শান্ত পরিবেশটাকে মুহুর্তেই থমথমে করে তুলল।

জান্নাতের আব্বু - আচ্ছা ভাই, একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমার মেয়ে জান্নাত তো অনার্স ১ম বর্ষে পড়ছে। ওর মা বলছিল এখনই ওর জন্য ভালো পাত্র দেখা শুরু করতে। তাই আমি জান্নাতের বিয়ের জন্য পাত্র খুঁজতে আমাদের এক চেনা ঘটক লাগিয়ে দিয়েছি।

জান্নাতের আব্বুর মুখে কথাটা শুনতেই শাওনের মনটা এক মুহুর্তে খারাপ হয়ে গেল। ও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একবার আড়চোখে জান্নাতের দিকে তাকাল। জান্নাত চায়ের ট্রে হাতে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। আব্বুর কথা শুনে ওর হাতটাও সামান্য কেঁপে উঠল। জান্নাত মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিন্তু ওর চঞ্চল চোখ দুটোয় এক মুহূর্তের জন্য তীব্র এক অস্বস্তি ফুটে উঠেছে।

Pasher basar dustu meye, Valobasar Golpo, Family photo

আব্বু - ভালোই তো ভাই। মেয়ের উপযুক্ত বয়স হয়েছে। দিনকালও তেমন ভালো না। এখন বিয়েটা দিয়ে দেওয়াই ভালো হবে। ঘটক সাহেব কি কোনো ভালো সম্বন্ধ পেয়েছেন? 

জান্নাতের আব্বু - হ্যাঁ, উনি আজ সকালেই বললেন ঢাকার একটা সম্ভ্রান্ত পরিবারের খবর পেয়েছেন। ছেলে নাকি কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পদে কাজ করে। চরিত্রও ভালো। উনি আরও খোঁজ খবর নিচ্ছেন। দু-এক দিনের মধ্যেই সব খবর নিয়ে আসবেন।

আম্মু - মাশাল্লাহ! কেন্দ্রীয় ব্যাংকের চাকরির সাথে ভালো চরিত্রের ছেলে আজকালকার দিনে পাওয়াই কঠিন। ছেলে ভালো হলে কথা এগিয়ে ফেলেন।

জান্নাতের বিয়ের প্রত্যেকটা আলোচনা যেন শাওনের বুকে এসে তীরের মতো বিধছিল। যে মেয়েটা প্রতিটা মুহুর্তে ওর শান্ত জীবনটাকে অতিষ্ঠ করে রাখত আজ সেই জান্নাতের বিয়ের কথা হচ্ছে! দু-এক দিনের মধ্যে পাত্রপক্ষের সাথে কথা বলাও শুরু হয়ে যাবে?

শাওন বুকের বাম পাশে কেমন যেন ব্যাথা অনুভব করল। ও আবারও আড়চোখে জান্নাতের দিকে তাকাল। জান্নাতও ঠিক ওই মুহূর্তেই শাওনের দিকে তাকাল। দুজনের চোখাচোখি হতেই জান্নাত চট করে চোখ সরিয়ে নিল। ওর মুখে সেই চিরচেনা দুষ্টু হাসির লেশমাত্র নেই, কেমন যেন একটা মন খারাপের ছায়া।

জান্নাত - (খুব নিচু গলায়) আম্মু, আমি টেবিলটা একটু গুছিয়ে আসি। 

কথাটা বলেই জান্নাত সেখানে আর একমুহূর্তও দাঁড়াল না। ও দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। শাওন আর শান্ত হয়ে বসে থাকতে পারছিল না। ওর মনের ভেতর তখন ঝড় বইছে। 

রাত সাড়ে নয়টার দিকে শাওনরা জান্নাতদের বাসা থেকে চলে এলো। ওই বাসা থেকে আসার পর থেকে শাওনের মনটা ভীষণ ভারী হয়ে আছে। ও দ্রুত নিজের ঘরে এসে বারান্দায় গিয়ে দাঁড়াল। পাশের বারান্দাটা পুরো ফাঁকা। আজকে আর ওকে জ্বালানোর জন্য কেউ দাঁড়িয়ে নেই।

শাওন প্যান্টের পকেট থেকে ফোনটা বের করল। ওর খুব ইচ্ছে করছে জান্নাতকে একটা মেসেজ দিতে। কিন্তু কী লিখবে ও বুঝতে পারছিল না। একদিকে বাংলাদেশ ব্যাংকে চাকরি করা বড় ফ্যামিলির ছেলে আর অন্যদিকে শাওন অনার্স ফার্স্ট ইয়ারে পড়া একটা বেকার ছেলে। জান্নাত কি ওর জন্য এতো ভালো একটা সুযোগ হাতছাড়া করবে?

শাওন যখন ফোন হাতে এসব ভেবে দ্বিধায় পড়ে গেছে এমন সময়  ওর ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। জান্নাতের মেসেজ। 

জান্নাত - ঘুমিয়ে পড়েছো?

শাওন সাথে সাথে রিপ্লাই দিল।

শাওন - না, জেগেই আছি। একটু বারান্দায় আসবে?

কয়েক সেকেন্ডের মধ্যেই জান্নাত অন্ধকারে বারান্দার গ্রিল ধরে দাঁড়াল। শাওনও ওদের বারান্দার গ্রিলটা শক্ত করে ধরল। মাঝখানে মাত্র এক হাতের দূরত্বটাও আজ যেন মাইলের পর মাইল মনে হচ্ছে।

শাওন - আজকে তোমার রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল জান্নাত। আমি বানিয়ে বলিনি। (মৃদু কন্ঠে)

জান্নাত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কিছুই শান্ত গলায় বলল

জান্নাত - এখন খাবারের প্রশংসা করতে হবে না। তুমি তো খুশিই হয়েছ, তাই না? পাশের বাসার অশান্তিটা এবার পাকাপাকিভাবে দূরে চলে যাচ্ছে। ঘটক তো দু-এক দিনের মধ্যেই খবর নিয়ে আসবে।

জান্নাতের মুখে এমন কথা শুনে শাওনের বুকের ভেতরের যন্তণাটা যেন।তীব্র আকাড় ধারণ করল।

শাওন - তুমি কি সত্যিই চাও জান্নাত আমি খুশি হই? (শান্ত কন্ঠে)

জান্নাত - আমি কী চাই তা দিয়ে তোমার কী আসে যায় শাওন? তুমি তো কোনোদিন মুখ ফুটে কিচ্ছু বলোনি। সবসময় আমার দুষ্টুমি বলে এড়িয়ে গেছ। এখন যখন অন্য কেউ এসে আমাকে নিয়ে যাবে তখন বুঝবে এই জান্নাত তোমার জীবনে কী ছিল! (চোখের কোণে অশ্রু নিয়ে) 

Pasher Basar Dustu Meye, Bangla Romantic Golpo, Premer golpo

শাওন - জান্নাত, আমি তো এখনো পড়াশোনা করছি। তাছাড়া আমি তো...

জান্নাত - (শাওনকে থামিয়ে) আমি তোমার ক্যারিয়ার দেখতে চাইছি না শাওন। আমি শুধু জানতে চাই, তোমার মনে কি আমার জন্য একটুও জায়গা নেই? তুমি কি স্রেফ পাশের বাসার একটা উটকো ঝামেলা হিসেবেই দেখ আমাকে? 

চাঁদের আলোয় জান্নাতের ছলছলে চোখ দুটো শাওন স্পষ্ট দেখতে পাচ্ছিল। শাওন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জান্নাতের কথার কি উত্তর দিবে ভেবে পাচ্ছিল না। কিছুক্ষণ পর ও নিজেকে সামলে যখনি কিছু বলতে যাবে জান্নাত ওকে বলার সুযোগটাই দিল না। ওড়না দিয়ে নিজের মুখটা চেপে ধরে রুমের ভেতরে চলে গেল।

শাওন রাতের খোলা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ও কিছুতেই জান্নাতকে এভাবে ওর থেকে দূরে যেতে দিবে না। কিন্তু ও কিভাবে কি করবে তা ভেবে উঠতে পারছিল না।

চলবে.........

🥀লেখক - Writer Shaon Ahmed

আরও পড়ুন :

পাশের বাসার দুষ্টু মেয়ে পর্ব ১

পাশের বাসার দুষ্টু মেয়ে পর্ব ৩


Post a Comment

0 Comments